
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া: শনিবার অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে বাড়ির মালিক এবং তার অনুগামীদের আক্রমণের শিকার হল কাটোয়া পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর মন্ডল সহ পুরসভার ওভারসিয়ার এবং কর্মীবৃন্দ। রীতিমতো পুলিশের সামনেই দুটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় জমায়েত হয়ে থাকা দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি সাইকেল।লোহার রড,লাঠি প্রভৃতি নিয়ে তাড়া করে দুষ্কৃতীরা প্রায় এলাকা ছাড়া করে অবৈধ বাড়ি ভাঙতে আসা আধিকারিকদের। এই ঘটনায় বিরাট উত্তেজনা ছড়িয়েছে কাটোয়ার ১২নম্বর ওয়ার্ডের সাহেববাগান এলাকায়। পুলিশের সামনেই এই ঘটনা ঘটলেও পর্যাপ্ত পুলিশ না থাকায় পরিস্থিতি ভয়ানক রূপ নেয়। এদিকে বাড়ি ভাঙার কাজ শেষ হতেই বাড়ির মালিক গণেশ দত্ত দোতলার বারান্দা থেকে রাস্তায় ঝাঁপ দিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটোয়া পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানিয়েছেন, সাহেববাগান এলাকার বাসিন্দাদের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই অবৈধ নির্মাণ ভেঙে দেবার জন্য পুরসভার পক্ষ থেকে গত ডিসেম্বর মাসে বাড়ি মালিককে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু বাড়ি মালিক পাল্টা পুরসভাকেই উকিলের চিঠি পাঠিয়ে দেয়। সেখানে জানান হয় চেয়ারম্যান বাড়ি ভাঙার নোটিস দিতে পারে না। পরে এই চিঠি ভুলবশত দেওয়া হয়েছিল বলেও বাড়ি মালিক গণেশ দত্ত স্বীকার করে নেয়। এরপর পুরসভায় হিয়ারিং করা হয়। সেখানে তাকে জানিয়ে দেওয়া হয় বাড়ির যে অংশ নিয়ে এলাকাবাসীর আপত্তি সেই অংশ নিজ খরচায় ভেঙে ফেলতে হবে। কিন্তু তারপরেও ওই ব্যাক্তি কোন উদ্যোগ না নেওয়ায় গত ৯মার্চ পুরসভার পক্ষ থেকে পুনরায় নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয় আগামী সাতদিনের মধ্যে বাড়ির যে অংশ রাস্তার উপর বেরিয়ে আছে সেটি ভেঙে ফেলতে হবে,নচেৎ পুরসভা ভেঙে দেবে।
রবি বাবু জানান,নির্দিষ্ট সময় পেরিয়ে যাবার পর আজ সকালে পুরসভার ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ভাস্কর মন্ডল,ওভারসিয়ার সহ পুর কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়ি ভাঙতে গেলে তাদের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ চালায় ওই বাড়ির মালিক এবং তার লোকজন। এব্যাপারে পুরসভার পক্ষ থেকে কাটোয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
