Headlines
Loading...
পূর্ব বর্ধমান জেলা জুড়ে চালু হল নিখরচায় গর্ভবতী মা ও শিশুদের জন্য মাতৃযান পরিষেবা

পূর্ব বর্ধমান জেলা জুড়ে চালু হল নিখরচায় গর্ভবতী মা ও শিশুদের জন্য মাতৃযান পরিষেবা


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:গর্ভবতী মা ও ১বছর পর্যন্ত নবজাতক শিশুদের যে কোন স্বাস্থ্য সম্বন্ধীয় পরিষেবা দিতে পূর্ব বর্ধমান জেলায় শুরু হল মাতৃযান সরকারী এ্যাম্বুলেন্স পরিষেবা। বৃহঃস্পতিবার এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সভাধিপতি দেবু টুডু ও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায়, মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার বসাক, হাসপাতাল সুপার উৎপল দাঁ ও জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল সহ অন্যান্যরা।
জেলা প্রশাসনের তরফে জানা গেছে, জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে এ্যাম্বুলেন্সগুলি দেওয়া হয়েছে। এই ধরণের এ্যাম্বুলেন্স পরিষেবার ফলে ২৪ ঘন্টাই মানুষ পরিষেবা পাবে। বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে হাসপাতাল ও হাসপাতাল থেকে বাড়ি সরকারীভাবে বিনামূল্যে রোগী বহনের কাজ করবে এই এ্যাম্বুলেন্সগুলি। ১০২ ডায়েল করলেই শিশু, গর্ভবতী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মিলবে এই পরিষেবা।জিপিএস সিস্টেম যুক্ত এই এ্যাম্বুলেন্সে থাকছে সম্পূর্ণ আধুনিক পরিষেবা। থাকছে প্রশিক্ষণপ্রাপ্ত সহায়কও।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান,প্রতিটি এ্যাম্বুলেন্সে একজন চালক, সহকারী চালক, এ্যাটেনডেণ্ট এবং তাঁর সহকারী সহ মোট ৪জন থাকবেন। আপাতত জেলার ২৩টি ব্লক ও ৬টি পুরসভা এলাকার জন্য মোট ৪৮ টি মাতৃযান এ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে। এ্যাম্বুলেন্সে থাকছে প্রাথমিক চিকিৎসার যাবতীয় বন্দোবস্তও।জেলাশাসক জানান,যেহেতু জিপিএস সিস্টেমের আওতায় রয়েছে এই এ্যাম্বুলেন্সগুলি, তাই ২৪ ঘণ্টাই তাদের মনিটরিং করা হবে।
জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানিয়েছেন, বিশেষ কোনো ঘটনার ক্ষেত্রে বিচার বিবেচনা করে পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী এই এ্যাম্বুলেন্সকে তাঁরা কাজে লাগাতে পারবেন।
প্রসঙ্গত একসঙ্গে এতগুলি এ্যাম্বুলেন্স জেলাজুড়ে পরিষেবা দেওয়ার কাজ শুরু করায় অসৎ এ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির দাপট অনেকটাই কমবে বলে মত প্রকাশ করেছেন জেলাশাসক।
                                                                                                                    ছবি - সুরজ প্রসাদ 

  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});