
ফোকাস বেঙ্গল ডেস্ক,কাটোয়া:মে মাসের প্রথম সপ্তাহে যদি পঞ্চায়েত ভোট ঘোষণা হয় তাহলে তার বিরোধিতা করে আদালতে যাবে দল বলে বৃহস্পতিবার জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে বিজেপির সংগঠনকে শক্তিশালী করার উদ্দ্যেশ্যে বৃহস্পতিবার পূর্ব-বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার অন্তর্গত দাঁইহাটের টাউন হলে বিজেপি কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক শেষে এমনি কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,আগামী ১৪এপ্রিল পর্যন্ত এই রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। যদি মে মাসের প্রথম সপ্তাহে ভোট করতে হয় তাহলে আজ-কালের মধ্যেই ঘোষণা করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতি এবং প্রচার করার সময় পাবে না।এটা মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন,মুখ্যমন্ত্রী নিজেই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন জেলায় সভা করে বেড়িয়েছেন। প্রশাসনকে কাজে লাগিয়ে মাইকও ব্যবহার করেছেন। শুধু যত বাধা বিরোধীদের দেওয়া হয়েছে।
দিলীপবাবু বলেন,যদি জুলাই -আগস্ট এ ভোট হয় ঠিক আছে। তবু সে সময়ও বাংলার মানুষের অসুবিধা হতে পারে। কারণ ১৫মে থেকে ১৪জুন পর্যন্ত রমজান মাস চলবে। তাই ভাবনা চিন্তা করে সময় নিয়ে নির্বাচন করাই ঠিক হবে।
এদিন পূর্ব বর্ধমান জেলার সাতটি বিধানসভা মণ্ডলের বিজেপির সভাপতি,সাধারণ সম্পাদক,মোর্চা সভাপতি ও শক্তি কেন্দ্রের নেতাদের নিয়ে সাংগঠনিক বৈঠকটি হয় দাঁইহাটের টাউন হলে।বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গী, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ,রাজ্য নেতা মুকুল রায়,বর্ধমান পূর্ব জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ,রাজ্য যুব সম্পাদক তুষার কান্তি বিশ্বাস সহ অন্যানরা ।
সাতটি বিধানসভা হল কাটোয়া, কালনা,কেতুগ্রাম, মঙ্গলকোট,মন্তেশ্বর,পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ। এদিন এই সভায় মঙ্গলকোট বিধানসভার সরগ্রাম অঞ্চলের সিপিএমের ৩২ জন এবং পূর্বস্থলী বিধানসভার নিমদহ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল থেকে ১৫০জন বিজেপিতে যোগদান করেন। কৈচর নিবাসী প্রাক্তন অল ইণ্ডিয়া সার্ভিস অফিসার পরেশচন্দ্র দাসও এদিন বিজেপিতে যোগদান করেন।প্রত্যেকের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ।

অপরদিকে এদিন সকালে কলকাতা থেকে কাটোয়া যাওয়ার পথে বর্ধমান শহরের ১৬নং ওয়ার্ডের মালিরমাঠে রামনবমীর আগের দিন মঞ্চ পুড়িয়ে বিজেপি কর্মীদের মারধর করার ঘটনার খোঁজ খবর নিতে সেখানে আসেন কৈলাস বিজয়বর্গী ও মুকুল রায়।তারপর সেখান থেকে কাটোয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান তাঁরা।
ছবি - সুরজ প্রসাদ
