ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকাকালীন মন্তেশ্বরের কুসুমগ্রাম তৈয়েবা ইনষ্টিটিউশনের ছাত্রী উম্মি সুলতানা বৃহস্পতিবার পরীক্ষায় বসেও শেষ করতে পারলেন না পরীক্ষা। এক ঘন্টা পরীক্ষা দেবার পরই সে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে বেডে নিয়ে চলে যাওয়া হয়। পরে ১১টা ৪০ নাগাদ সে আর এদিনের পরীক্ষা দিতে পারবে না বলে জানিয়ে দেয়।
উল্লেখ্য,উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়েছিল উম্মি সুলতানা। অসুস্থতার কারণে সে মন্তেশ্বর হাসপাতালে ভর্তি হয়,এবং সেখান থেকেই পরীক্ষা দেয়। কিন্তু বুধবার রাত্রে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন রাতেই তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সে হাসপাতালের জরুরী বিভাগের বিশেষ ঘরে ইংরাজী পরীক্ষাও দিতে শুরু করে। কিন্তু এক ঘন্টা পরীক্ষা দেবার পরই সে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে বেডে নিয়ে চলে যাওয়া হয়।
অন্যদিকে, এদিনই বর্ধমান হিন্দু হরিসভা গার্লস স্কুলের ছাত্রী স্নেহা চৌধুরীও গুরুতর অসুস্থ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এদিন স্নেহাও উম্মির সুলতানার সঙ্গে একই ঘরে পরীক্ষা দিয়েছে। জানা গেছে,প্রায় ১৫দিন আগে পথ দুর্ঘটনায় তার ডান পা জখম হয়।

