
ফোকাস বেঙ্গল ওয়েব ডেস্কঃ আধার সংযুক্তকরণের পক্রিয়া সম্পুর্ন নিরাপদ জানিয়ে এতদিন যে দাবি করে আসছিলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও (UIDAI) সিইও অজয়ভূষন পাণ্ডে তা যে আদৌ সঠিক নয় খোদ সিইও -এর আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় তা প্রমান হয়ে গেল। এদিন UIDAI প্রধানের অথেনটিকেশনের খুঁটিনাটি সমস্ত তথ্য বের করে টুইটারে ফাঁস করে দিয়েছেন সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ও সফটওয়্যার ডেভলপার আনন্দ বেঙ্কটনারায়ন। আর এরপরই দেশ জুড়ে আঁধারের নিরাপত্তা নিয়ে বড়োসড়ো প্রশ্ন তৈরী হয়েছে।
উল্লেখ্য,গোটা দেশ জুড়ে আধারের তথ্য ফাঁস হচ্ছে বলে যে অভিযোগ উঠে আসছিলো তা সম্পুর্ণরুপে উড়িয়ে দিয়েছিলেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সিইও (UIDAI)অজয়ভূষন পাণ্ডে। এমনকি সুপ্রিমকোর্টে দাঁড়িয়ে তিনি বার বার দাবি করেছিলেন আধার সংযুক্তকরণের পক্রিয়া সম্পুর্ন নিরাপদ। তার চ্যালেঞ্জ ছিল, UIDAI-এর হাতে থাকা তাঁর আধার কার্ডের রেকর্ড থেকে কেউ তথ্য ফাঁস করে দেখাক। কিন্তু আশ্চর্যজনক ভাবে ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই ফাঁস হয়ে গেল আধার কর্তার আধার সংক্রান্ত সমস্ত তথ্য।
সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ও সফটওয়্যার ডেভলপার আনন্দ বেঙ্কটনারায়ন টুইটারে আধার কর্তার যে সমস্ত তথ্য ফাঁস করেছেন তার মধ্যে কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে , আধার কর্তা কোন সংস্থার ফোন নম্বর ব্যবহার করেন তাও রয়েছে, কখন কোন সার্ভার থেকে তিনি আধার সংযুক্তি করণের চেষ্টা করেছেন, তার নিত্য দিনের গতিবিধি সমস্ত কিছুই ফাঁস করেছেন তিনি।
জানা গিয়েছে আধার কর্তার একটি ভোডাফোন নম্বর রয়েছে যেটিতে গত সপ্তাহেই আধার লিঙ্ক করিয়েছেন তিনি। আইসিআইসিআই ব্যাঙ্কে তিনটি একাউন্ট রয়েছে তাঁর, এছাড়া একটি রয়েছে আইডিএফসি ব্যাঙ্কে। তাতে বায়োমেট্রিক পদ্ধতিতে আধার সংযগের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বায়োমেট্রিক তথ্য লক থাকায় সেখানে আধার সংযোগ হয়ে ওঠেনি।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যেখানে আধার কর্তার সমস্ত তথ্য ফাঁস হয়ে যেতে পারে সেখানে আধার কার্ডের নিরাপত্তা কোথায়? UIDAI-এর ওয়েবসাইট অনুযায়ী, আধার কর্তার বায়োমেট্রিক তথ্য লক থাকায় আধার কার্ডের সংযুক্তিকরণের ২৬ টি প্রচেস্টার মধ্যে তাঁর ৫ টি প্রচেস্টা ব্যর্থ হয়েছে। আর প্রশ্ন সেই ব্যর্থতাকে নিয়েও।
সম্প্রতি বায়োমেট্রিক তথ্যের বিশ্বাসযোগ্যতাকেই আধারের বিশেষত্ব বলে দাবি করেছিলেন পাণ্ডে। তিনি জানিয়েছিলেন আধারের নিরাপত্তায় কোনও গলদ নেই। কিন্তু তার পরেও আধার সংক্রান্ত সমস্ত তথ্য ফাঁস হয়ে যাওয়ায় আঁধারের ভবিষ্যৎ অন্ধকারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
