ফোকাস বেঙ্গল ডেস্ক,ভাতার:নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পিষে মারল দুই ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে ভাতার থানার এড়ুয়ার পুরনো পুকুর পাড় এলাকায়। মৃতদের নাম রাকেশ রায় (২৪) এবং নিমাই রায় (৫০)। এই ঘটনায় আহত হয়েছেন নিমাই রায়ের স্ত্রী মন্দিরা রায় এবং ট্রাকের খালাসি।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল প্রায় সাতটা নাগাদ সাইকেল নিয়ে রাকেশ রায়, নিমাই রায় এবং তার স্ত্রী মন্দিরা রায় এড়ুয়ার মোড়ের কাছে বলগোনা-গুসকরা রোডের ধারে পঞ্চায়েত থেকে পাওয়া বৃক্ষ পাট্টার গাছ পরিচর্যা করতে যাচ্ছিলেন।সেই সময় গুসকরার দিকে যাওয়া একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে সাইকেল আরোহীদের।
পরে রাস্তার পাশে কালভার্টে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান দুজন।
ধাক্কার আঘাতে সাইকেল থেকে ছিটকে পড়েন মন্দিরা রায়। লরিটি উল্টে যাওয়ায় গুরুতর জখম হয় লরির খালাসিও। আহত মন্দিরা রায় এবং খালাসিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে মন্দিরা রায়কে।
এদিকে এই ঘটনার পর ক্ষুদ্ধ এলাকাবাসী বেশ কিছুক্ষন বলগোনা-গুসকরা রোড অবরোধ করে দেয়।পরে ভাতার থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক।


