
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: বুধবার থেকে চালু হল দুই বর্ধমানের প্রথম জনস্বাস্থ্য ও কারিগরী দপ্তরের ইন্সপেকশন বাংলো। উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন কলকাতা থেকে আসানসোল যাবার পথে বর্ধমান শহরের শিবপুর দীঘির পাড়ে তিনি এই পরিদর্শন বাংলো সহ জল পরীক্ষাগারের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য জুড়েই প্রচুর প্রকল্পের কাজ হচ্ছে। বিভিন্ন জেলায় এই প্রকল্পের কাজ করতে গিয়ে আধিকারিকদের প্রায়ই প্রকল্প এলাকায় রাত্রি যাপনের দরকার হচ্ছে। তাই প্রতিটি জেলাতেই এই ধরণের আধুনিক পরিদর্শন বাংলো তৈরীর পরিকল্পনা রয়েছে সরকারের। বর্ধমানে প্রথম এই ধরনের বাংলো তৈরী হল। এটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৪৯ লক্ষ টাকা।
মন্ত্রী জানান, কালনা ও কাটোয়ার গঙ্গাতীরবর্তী এলাকায় একটি এই ধরণের একটি পরিদর্শন বাংলো তৈরী করা হবে। এছাড়াও বর্ধমান জেলায় দুটি ছোট বাংলোও তৈরী করা হবে। তিনি জানান, সামনেই পঞ্চায়েত নির্বাচন থাকায় বাংলো উদ্বোধনের কাজ আটকে গেলে বাংলো চালু করতে দেরি হয়ে যেত। তাই এদিন তিনি এই গুরুত্বপূর্ণ কাজটি সেরে গেলেন। পাশাপাশি তিনি জানান, ভাতার থানার ওড়গ্রাম সমন্বয়ী প্রকল্পকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তিনি নিজে সরকারি প্রতিনিধিদলের সঙ্গে ওই প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।

সুব্রতবাবু এদিন জানান, বর্ধমানে দামোদরের জল থেকে একটি পরিশুদ্ধ পানীয় জল প্রকল্পের যে প্রস্তাব জমা পড়েছে সেই কাজও তাঁরা সম্পন্ন করবেন। তিনি বলেন মুখ্যমন্ত্রী চান বাংলার প্রতিটি মানুষ পরিশুদ্ধ পানীয় জল পাক। তাই গোটা রাজ্য জুড়েই পানীয় জল প্রকল্পের কাজ চলছে। তিনি উল্লেখ করেন, রাজ্যের ফ্লোরাইড, আর্সেনিক বা লবণাক্ত এলাকায় পরিশুদ্ধ পানীয় জল সরবরাহের কাজ তৃণমূল সরকারের আমলে প্রায় ৬০ শতাংশ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রীর অভিযোগ, এখনও অনেক পঞ্চায়েতেই বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়নি। এক্ষেত্রে পঞ্চায়েতের অনীহা কোনো মতেই বরদাস্ত করা হবেনা বলে এদিন সাফ জানান পঞ্চায়েতমন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের সচিব সৌরভ দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা পরিষদ দপ্তরের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ গার্গী নাহা সহ অন্যান্য আধিকারকরা।
ছবি - সুরজ প্রসাদ
