
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: দীর্ঘ ৭০ বছর ধরে নেতাজীর অন্তর্ধান রহস্য উদ্ঘাটন আজও না হওয়ায় কার্যত এই রহস্যের জট কোনোদিনই খুলবে না বলেই মনে করছেন বসু পরিবার। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের নির্বাচনের জন্য বিজেপি সমর্থিত প্রার্থী আইনজীবী কৈলাশ তামোলির সমর্থনে বর্ধমান আদালতে প্রচারে এসে এই আক্ষেপের কথাই বলে গেলেন নেতাজীর নাতি চন্দ্র কুমার বোস।
এদিন তিনি জানান, নেতাজীর অর্ন্তধান রহস্য উদঘাটনে মোদী সরকার আন্তরিকভাবে চেষ্টা করছেন। গতবছরই বেশ কিছু ফাইল জনসমক্ষে প্রকাশও করা হয়েছে। তিনি মনে করেন এব্যাপারে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রয়োজন একটি শক্তিশালী কমিটি গঠন করারও। এদিন তিনি ক্ষোভের সঙ্গে জানান,বর্তমান বিজেপি সরকার তথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে নেতাজীর অন্তর্ধান রহস্যের জট খুলতে চাইলেও বিগত কংগ্রেস সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুরুত্বপূর্ণ কিছু ফাইল নষ্ট করে দেওয়ায় তদন্তের গতি প্রকৃতি বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে।
প্রসঙ্গত, এদিন কোর্ট কম্পাউন্ডে নেতাজি মূর্তিতে মাল্য দান করেন চন্দ্র কুমার বোস। তিনি সাম্প্রতিক সময়ে দেশের মনীষীদের গায়ে কালি ছেটানোর ঘটনা প্রসঙ্গে বলেন, বিদেশ থেকে রাজনীতি আমদানি করা হচ্ছে। যাঁরা এই কাজ করছেন তাঁরা ভারতবর্ষের ঐতিহ্য এবং মনীষীদের সম্পর্কে কিছুই জানেন না। অবিলম্বে এব্যাপারে সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এদিন চন্দ্র কুমার বোসের সঙ্গে ছিলেন বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী কৈলাশ তামোলি সহ বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী, যুব মোর্চার সভাপতি শ্যামল রায় প্রমুখরাও।
ছবি - সুরজ প্রসাদ
