
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:এবার শিক্ষক স্বার্থে মাঠে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের শিক্ষকদের প্রতি বঞ্চনার প্রতিবাদে এবং শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত ও স্বজনপোষণ মুক্ত করতে বিজেপির শিক্ষক সংগঠন টিচারস্ সেল আগামী শুক্রবার বর্ধমান টাউন হলে প্রথম শিক্ষা সম্মেলনের আয়োজন করছে। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে সংগঠনের বর্ধমান জেলার (বিজেপির সাংগঠনিক জেলা) আহ্বায়ক রাধাকান্ত রায় জানিয়েছেন, মূলত ১০ দফা দাবী নিয়ে তাঁরা সম্মেলনে আলোচনা করতে চলেছেন। তার মধ্যে যেমন শিক্ষকদের বেতন কমিশন নিয়ে দাবি থাকছে,তেমনই ধর্মনিরপেক্ষ সিলেবাস তৈরী করা নিয়েও আলোচনা হবে।
তিনি জানান,ওই সম্মেলনে হাজির থাকবেন জেলার প্রায় ১৫০জন প্রতিনিধি। এছাড়াও হাজির থাকবেন সংগঠনের রাজ্য আহ্বায়ক দিপল বিশ্বাস, বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বোস, নেতাজীর নাতি চন্দ্র কুমার বোস, রাজ্য শিক্ষা সেলের নেতা সুভাষ সরকার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা তনভির নাসরিন প্রমুখ।
রাধাকান্তবাবু জানান, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যখন শিক্ষকদের জন্য সপ্তম বেতন কমিশন লাগু হয়ে গেছে সেখানে এই রাজ্যে পঞ্চম বেতন কমিশন কাঠামোই চলছে। ষষ্ঠ বেতন কমিশন গঠন হলেও এখনও তার ফলাফল জানা যায়নি। স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে শিক্ষকরা তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি বহু শিক্ষককে ১০০-১৮০ কিমি পর্যন্ত দূরত্বে গিয়ে স্কুল করতে হচ্ছে।ফলে শিক্ষার মান হ্রাস পাচ্ছে।
রাধাকান্ত বাবু জানান, সরকারের এই নীতি পরিবর্তন করা দরকার।তিনি জানান, শূন্যপদে শিক্ষক নিয়োগ এবং সরকারী অর্থের অপচয় বন্ধ করার ব্যাপারেও আন্দোলন গড়ে তুলতে এই সম্মেলনে রূপরেখা তৈরী করা হবে।
ছবি - সুরজ প্রসাদ
