
ফোকাস বেঙ্গল ডেস্ক,দক্ষিণ দিনাজপুরঃ আইনমাফিক নির্দেশ মেনে দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় সড়কের ধার থেকে মদের দোকান সরেছে,তবে মদ বিক্রেতাদের বা খদ্দেরের তাতে এমন কিছু যায় আসেনি।পরিবর্তে জাতীয় সড়কের ধারে লাইন হোটেল গুলিতে রমরম করে চলছে মদের অবৈধ কারবার। এখানেই শেষ নয়, জাতীয় সড়কের ধারে প্রায় প্রতিদিনই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে লাইন হোটেল। সামনে থেকে লাইন হোটেল লেখা থাকলেও তার ভিতরে চলছে অবৈধভাবে মদ কেনাবেচা। বিকেল থেকে গভীর রাত অবধি লাইন হোটেল গুলিতে জমছে লম্বা লাইন। দেদার বিকোচ্ছে মদ।
হিলি-গাজোল ৫১২ নং জাতীয় সড়কের ধারে হিলি থেকে বালুরঘাট, গঙারামপুর, বংশীহারি সর্বত্রই দেখা মিলছে এসব অসাধু মদ কারবারীদের। তবে প্রশ্ন, কোর্টের নির্দেশ মেনে বৈধ ব্যবসায়ীদের জাতীয় সড়কের ধার থেকে সরানো হলেও অবৈধ এইসব ব্যবসায়ীরা কিভাবে লাইন হোটেলের আড়ালে রমরমা মদের কারবার চালাচ্ছেন? আবগারী দপ্তরের অধিকারিকরাই বা চুপ কেন? তাহলে কি এই অসাধু কারবারিদের সঙ্গে আবগারি দপ্তরের একাংশের কোন অসাধু আঁতাত গড়ে উঠেছে? উঠেছে একগুচ্ছ প্রশ্ন। অন্যদিকে সন্ধ্যার অন্ধকার নামতেই লাইন হোটেল গুলিতে যুবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলেও পুলিশই বা কেন নিশ্চুপ উঠছে সে প্রশ্নও।
বৈধ মদ কারবারীদের একাংশের অবশ্য দাবি, পুলিশ ও আবগারী দপ্তরের কর্মীদের যোগসূত্রেই নাকি চলছে এসব অবৈধ কারবার।সবাই সবকিছু জানলেও তাই ব্যবস্থা নেওয়ার কোন তাগিদ নেই।
আবগারি দপ্তরের সুপারিন্টেনডেন্ট শুভেন্দু শেঠ এই বিষয়ে জানিয়েছেন, এ জেলাতে তিনি নতুন এসেছেন। তাই সেভাবে এসব বিষয় তার জানা নেই।তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।
