Headlines
Loading...
বর্ধমান শহরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন

বর্ধমান শহরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন


ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ লোকসভা নির্বাচনের মুখে বর্ধমান শহরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে স্যুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল শহর জুড়ে। সোমবার রাতে তৃণমূলের নির্বাচনী কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাত্রি সাড়ে দশটা নাগাদ শহরের ৬নং ওয়ার্ডের খালাসি পাড়ার লোকো কলোনির কলাবাগান এলাকায় তৃণমূল কাউন্সিলার মহম্মদ সেলিমকে লক্ষ্য করে দু রাউণ্ড গুলি ছোঁড়া হয়। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। এর ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোল উদ্ধার করেছে বর্ধমান থানার পুলিশ।  

গুলি চালানোর ঘটনায় কৃষ্ণা সিং ও অজয় সিং নামে দুই বিজেপি কর্মীর দিকে অভিযোগের আঙুল তুলছেন সেলিম বাবু। সেলিম বাবু জানিয়েছেন, প্রত্যেক দিনের মতো সোমবার রাতে নির্বাচনের কাজ সেরে দলীয় কার্যালয় থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন । লোকো কোলোনির কাছে পৌঁছাতেই তিনি বুঝতে পারেন বাইকের পিছু নিয়েছে কারা। হঠাৎ রাস্তার মোড়ে টার্ন নিতে গিয়ে তিনি বাইক নিয়ে পরে যান, তখনই পিছু নেওয়া বাইক থেকে চলে দু রাউন্ড গুলি। অল্পের জন্য বেঁচে যান সৈয়দ মহম্মদ সেলিম। তিনি জানিয়েছেন, আততায়ীদের চিহ্নিত করতে পেরেছেন তিনি। তাদের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

 তিনি অভিযোগ করেছেন, বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়ার সমর্থনে প্রচার মিছিল ছিলো। মিছিল শেষ হবার পর কৃষ্ণা সিং ও অজয় সিং সহ বেশ কিছু বিজেপি সমর্থক ওই এলাকায় অপ্রীতিকর স্লোগান দিতে থাকে। সেলিম বাবু আরও অভিযোগ করেছেন, সিপিআইএম থেকে বহিষ্কৃত নেতা তথা বর্ধমান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান আইনুল হক সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। আর তারপর থেকেই একসময়ের তার দলের হার্মাদদের নিয়ে এই এলাকাকে অশান্ত করার চেষ্টা শুরু করেছে। যদিও এব্যাপারে বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দেলের জেরেই এই ঘটনা ঘটেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});