Headlines
Loading...
নতুন প্রজন্মকে 'তারা'-দের গল্প শোনাতে বইপ্রকাশ দূরদর্শনের প্রডিউসার ইন্দ্রাণী রায়ের

নতুন প্রজন্মকে 'তারা'-দের গল্প শোনাতে বইপ্রকাশ দূরদর্শনের প্রডিউসার ইন্দ্রাণী রায়ের


ফোকাস বেঙ্গল নিউজ ডেস্ক,কলকাতা: নক্ষত্র খচিত বাংলার শিল্পীমহলের দেখা কোলকাতা দূরদর্শনের পর্দায় আমরা প্রায় সবাই পেয়েছি।  কিন্তু একেবারে কাছ থেকে দেখা বা তাঁদের সঙ্গে আলাপচারিতার সুযোগ ক-জনেরই বা হয়। যাঁদের  হয়েছে তাঁদের মধ্যে একজন কোলকাতা দূরদর্শনের প্রডিউসার ইন্দ্রাণী রায়। কোলকাতা দূরদর্শনে কাজ করার জেরে তিনি সামনে থেকে যাঁদের দেখেছেন তাঁরা আমাদের মত সাধারণ মানুষের কাছে যেন ড্রীমল্যান্ডের বাসিন্দা। সেই ড্রীমল্যান্ডের গল্প নতুন প্রজন্মকে শোনাতেই বই লিখেছেন ইন্দ্রাণী দেবী। 
মঙ্গলবার কোলকাতা প্রেসক্লাবে সেই বইটিরই উদ্বোধন হল সংস্কৃতি জগতের আরো একজন নক্ষত্র পণ্ডিত তেজেন্দ্রনারায়ণের হাতে। ইন্দ্রাণীদেবী তাঁর লেখা বইটির নাম দিয়েছেন- 'যত তারা মোর আকাশে'। 

এদিন বইপ্রকাশ অনুষ্ঠানে লেখিকা ইন্দ্রাণী রায় জানালেন কোলকাতা দূরদর্শনের জন্মকাল থেকে তিনি চ্যানেলটির সঙ্গে কাজের সূত্রে জড়িত। আর এই কারণেই তিনি পরিচিত হয়েছেন বাংলার স্বর্ণযুগের সাংস্কৃতিক তারকাদের সঙ্গে। তাঁরা প্রায় প্রত্যেকেই দূরদর্শনে এসেছেন কোনওদিন অনুষ্ঠান করতে, কোনওদিন আবার সাক্ষাৎকার দিতে। তাঁদের সঙ্গে তাঁর কথা বলা ও সময় কাটানোর নানা স্মৃতি এই বইটিতে উল্লেখ করেছেন তিনি। একাধিক বিরল অভিজ্ঞতার সাক্ষী তিনি। সংগীতশিল্পী সুচিত্রা মিত্র কিংবা কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া ভালবাসার কথা অথবা হেমন্ত মুখোপাধ্যায়ের রসিকতার টুকরো টুকরো ঘটনা আমাদের কাছে বইটির মাধ্যমে তুলে ধরেছেন তিনি। এরকমই কিছু ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ইন্দ্রাণীদেবী বলেন, হেমন্ত মুখোপাধ্যায় একদিন তাঁকে বলে বসেন 'তুমি এত বড় বড় মানুষের সঙ্গে কাজ করছ,সেখানে আমি কি পাল্লা দিতে পারব।' 

ইন্দ্রাণীদেবী তাঁর নতুন প্রকাশিত বইয়ে উল্লেখ করেছেন,কিভাবে সেই অল্প প্রযুক্তির যুগে ধৈর্য্য ধরে লাইট -ক্যামেরা সেট করা হত, তার কথাও। ইন্দ্রাণীদেবীর কথায়,সেইসব হারানো দিন যাতে একেবারে হারিয়ে না যায় সেকারণেই তা লিপিবদ্ধ করে রাখা। তাঁর ইচ্ছে, সেসব পুরোন দিনের কথা তিনি নাতি-নাতনিদের কাছে সম্পদ করে রেখে যেতে চান,যেটা পড়লে তাদের মনে হবে ঠাকুরমার ঝুলি পড়ছে। 
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});