ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বুদবুদের তিলডাঙা মোড়ে গাড়ি উল্টে মৃত্যু হল এক ছৌ-শিল্পীর। আহত হয়েছেন আরো ২৬ জন। শুক্রবার ভোর ৩.৪৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আহতরা পুরষা হাসপাতাল ও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে ,পুরুলিয়া থেকে ২৭ জনের একটি ছৌ নাচের দল ৪০৭ গাড়ি করে কোলকাতার ঘাটপোখরে অনুষ্ঠান করতে যাচ্ছিল। এদিন ভোরে বুদবুদের তিলডাঙা মোড়ে একটি পেট্রোল পাম্পের কাছে জাতীয় সড়কের ওপর পিছন থেকে একটি ট্রাক তাদের গাড়িটিকে ধাক্কা মারলে ডিভাইডারে লেগে ৪০৭ টি উল্টে যায়। ঘটনাস্থলেই উমেশ চন্দ্র মাহাতো ওরফে উস্কো (৪০) নামে এক শিল্পীর মৃত্যু হয়। আহত ২৬ জনকেই প্রথমে স্থানীয় পুরষা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৩ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।এরা হলেন রাজেশ মাহাতো (২৪), গদাধর মাঝি (৩৭) এবং কার্তিক মাহাতো (৩৯)। .মৃত ও আহত সকলেরই বাড়ি পুরুলিয়ার বোরো থানার বারি গ্রামে।
ছবি - সুরজ প্রসাদ

