Headlines
Loading...
পূর্ব বর্ধমানে ফের নাবালিকার বিয়ে আটকে দিলো কন্যাশ্রী ক্লাবের মেয়েরা

পূর্ব বর্ধমানে ফের নাবালিকার বিয়ে আটকে দিলো কন্যাশ্রী ক্লাবের মেয়েরা


ফোকাস বেঙ্গল ডেস্ক,আউশগ্রাম: পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই শতাধিক নাবালিকার বিয়ে বন্ধ করে রাজ্য সরকারের কাছে সম্মানিত হয়েছে জেলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা। এবার আউশগ্রাম ও ভাতারে তিনটি নাবালিকার বিয়ে আটকাল তারা। এর মধ্যে আউশগ্রামে দুটি এবং ভাতারে একটি নাবালিকার বিয়ে বন্ধ করা গেছে কন্যাশ্রীদের সাহায্যে।
আউশগ্রাম-১ সমষ্টি উন্নয়ন আধিকরিক চিত্তজিৎ বসু জানান, আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির দুটি ছাত্রীর আগামী মাঘ মাসে বিয়ের দিন ঠিক করা হয়। কিন্তু  কন্যাশ্রী ক্লাবের সদস্যরা বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তম মন্ডলকে জানায়। এর পরই শিক্ষক উত্তম মণ্ডল ও স্কুলের অন্যান্য শিক্ষকরা কন্যাশ্রীদের সঙ্গে বৃহস্পতিবার ওই মেয়ে দুটির বাড়িতে যান। সকলে মিলে  তাদের বাবা-মায়েদের  বুঝিয়ে বিয়ে বন্ধ করেন। স্কুলের প্রধান শিক্ষক শীতাংশু ঘটক জানান, শুক্রবার থেকে ছাত্রীদুটিকে পুনরায়  বিদ্যালয়ে পাঠাবেন বলে তাদের অভিভাবকেরা জানিয়েছেন।পাশাপাশি তাদের মধ্যে একজনের লেখাপড়া করার মত সামর্থ্য না থাকায় তাকে সবরকমের সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে । তাদের অভিভাবকেরা জানিয়েছেন ১৮ বছরের আগে তারা কেউ মেয়েদের বিয়ে দেবেন না।

অন্যদিকে , ভাতারে বড়বেলুন গার্লস হাইস্কুলের অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে স্কুল ছাড়িয়ে দিয়ে তার বিয়ের ঠিক করে তার মা। আগামী মাঘ মাসে তার বিয়ের কথা জানতে পেরে কন্যাশ্রীর সদস্যরা বিষয়টি প্রশাসনকে জানায়। ভাতারের বিডিও শুভ্র চট্টোপাধ্যায় জানান, ছাত্রীটি তার মায়ের সঙ্গে বড়বেলুনের পশ্চিম পাড়ায় থাকে। দুজনে মিলে দিনমজুরের কাজ করে সংসার চালায়।  মেয়েটির বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে  ভাতার ব্লক প্রশাসনের প্রতিনিধি উজ্বল সামন্ত, চাইল্ডলাইনের দুই প্রতিনিধি ও পুলিশবাহিনী বড়বেলুন গ্রামে যায়। তার মাকে বুঝিয়ে মেয়েটির বিয়ে বন্ধ করার পাশাপাশি মুচলেকা লিখিয়ে নেওয়া হয় , ১৮ বছর বয়স না হলে তার বিয়ে দেওয়া হবেনা।  মেয়েটি পুনরায় পড়তে চাওয়ায় স্কুল কর্তৃপক্ষ তার ফি মকুব করে তাকে ফের স্কুলে ভর্তির ব্যবস্থা করেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});