
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:শুক্রবার বর্ধমানের ইছলাবাদে রাজার বাগান মাঠে শুরু হল প্রথমবর্ষ বিধান উৎসব। উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের নামে বর্ধমানে এই প্রথম কোনো মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৫-৭ জানুয়ারী চলবে এই বিধান উৎসব। উৎসব কমিটির সভাপতি উত্তম সেনগুপ্ত জানিয়েছেন, এই উৎসব থেকে উদ্বৃত্ত অর্থ দিয়ে বিধানচন্দ্র রায়ের একটি মূর্তি তাঁরা বর্ধমানে প্রতিষ্ঠা করবেন। এদিন উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বিধায়ক নিশীথ মালিক, নেপাল ঘড়ুই সহ বিশিষ্ট জনেরা। উৎসবের বিভিন্ন দিনে নামীদামী শিল্পীদের দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এদিন শীর্ষেন্দু বাবু সম্প্রতি আসাম থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া প্রসঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করার কথা বলেন। তিনি বলেন,আসামে ৭৫ শতাংশই বহিরাগত এবং বাঙালী। স্বাভাবিকভাবেই অসমীয়াদের মধ্যে সংখ্যালঘু হয়ে পড়ার একটা ক্ষোভ বা আতঙ্ক রয়েছে। তবে গোটা বিষয়টি অত্যন্ত অশুভ এবং বিপদজনক। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান প্রয়োজন। তিনি আরও বলেন, সাহিত্যে অনেকদিন আন্দোলন সংগঠিত হয়নি। যার দরকার ছিল। পুরনোকে আঁকড়ে ধরে রাখাই নয়, নতুনকেও বরণ করে নেওয়ার জন্য আন্দোলন হওয়া দরকার।
ছবি - সুরজ প্রসাদ
