
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান:বর্ধমানের আলমগঞ্জে কল্পতরু মাঠে শুরু হল ১৭তম শিশুমেলা। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু এবং সমাজকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শশী পাঁজা। অন্যান্যদের মধ্যে এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, অতিরিক্ত জেলাশাসক রত্নেশ্বর রায়,বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পুরপতি ডা. স্বরূপ দত্ত, মেলার উদ্যোক্তা চিলড্রেন কালচারাল সেন্টারের কার্যকরী সভাপতি খোকন দাস সহ একঝাঁক কাউন্সিলার ও অন্যান্যরা।
অন্যান বারের তুলনায় এবছরের শিশুমেলার চাকচিক্য অনেক কম বলেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের অভিমত।উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য এদিন শহরের চারটি স্কুল থেকে নিয়ে আসা ছোটছোট মেয়েদের ঠান্ডায় খোলা আকাশের নিচে কয়েকঘন্টা বসিয়ে রাখাকে কেন্দ্র করে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন। এমনকি বর্ধমান শহরের কোনো মেলায় বা উৎসবে প্রবেশ মূল্য না থাকলেও শিশুদের জন্য এই মেলায় কেন প্রবেশ মূল্য রাখা হল সেই নিয়েও তৈরী হয়েছে বিতর্ক। যদিও মেলা কমিটির পক্ষে খোকন দাস জানিয়েছেন, অন্যান্য মেলাতে স্টল এবং বিজ্ঞাপন থেকে ভালো আয়ের সুযোগ থাকে,কিন্তু শিশুমেলায় এই বিষয়গুলি থাকে না। বরং শিশুদের মনোরঞ্জনের জন্য নানান ধরণের খেলা ও উপকরণের ব্যবস্থা করতে হয় তাদের। তিনি বলেন বিভিন্ন স্কুলের ক্ষেত্রে ১০০ ছাত্রছাত্রী নিয়ে আসলে টিকিটের মূল্য অর্ধেক করা হয়েছে। অর্থাৎ ৫টাকার পরিবর্তে সেক্ষেত্রে মাথাপিছু লাগবে আড়াই টাকা।
এদিন উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, প্রদীপ জ্বালানো সহজ কাজ, কিন্তু তাকে জ্বালিয়ে রাখাই কঠিন কাজ। শিশুদেরও তাই সাবলীলভাবে বেড়ে ওঠতে দিতে হবে।
ছবি - সুরজ প্রসাদ
