পল্লব ঘোষ,কালনা : খুব সহজে কোনো একটি বিষয়কে আম জনতার সামনে তুলে ধরতে সোশ্যাল সাইটই যে এখন এক মাত্র মাধ্যম, সেটা আরও একবার প্রমান পাওয়া গেলো একটি ঘটনায়।পূর্ব বর্ধমানের কালনা মহকুমায় খুচরো পয়সা নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারন মানুষ থেকে ছোট বড় ব্যাবসায়ীরা। মজার ব্যাপার মন্দিরের প্রণামী বাস্কেও খুচরো না দেওয়ার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।
যদিও সবাই নিজের মতো করে খুচরো পয়সা আদান প্রদান নিয়ে ঘোঁট পাকাবার চেষ্টা করলেও তাতে রীতিমতো জল ঢেলে দিয়েছে খোদ কালনা পৌর প্রশাসন। সোমবার কালনা পৌরসভার পৌরপতি দেবপ্রসাদ বাগ আম জনতার উদ্দ্যেশে ফেসবুকে জানিয়েছেন, যদি কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান খুচরো পয়সা নিতে অস্বীকার করে তাহলে বাবসাদারদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাতিল করা হতে পারে। পাশাপাশি কোনো ব্যাক্তি যদি খুচরো নিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে থানায় সরাসরি অভিযোগ দায়ের করা যাবে।
তবু অনেকেই এই নির্দেশ মানছেন না। ফলে সমস্যা থেকেই যাচ্ছে।ব্যাবসাদারদের অভিযোগ মহাজন কিংবা ব্যাঙ্ক খুচরো নিতে চাইছে না। তাই আমরাও এই খুচরো টাকা নিচ্ছি না।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে ইলেকট্রিক বিল দিতে গেলেও সহজে খুচরো টাকা নিতে চায়না কাউন্টারে।
যদিও কালনার মহকুমা শাসক নিতিন সিংহনিয়া বলেন, খুচরো পয়সা আদান প্রদান সংক্রান্ত কোনো বিধি নিষেধের ফরমান সরকারি ভাবে জারি হয়নি। স্বাভাবিকভাবেই এই সমস্যার আশু সমাধান করতে আজ বিকালে কালনার পুরশ্রী মঞ্চে মহকুমা প্রশাসন, ব্যাঙ্ক, পৌরসভা, ব্যাবসাদারদের নিয়ে একটি আলোচনা সভা ডাকা হয়েছে।এই বিষয়ে সাধারণকে অবহিত করতে সোমবার কালনা শহর ও লাগোয়া জায়গাগুলিতে মাইকিং করে প্রচার করা হয়েছে।
মহকুমা শাসক বলেন, আসা করা যায় এই সভায় একটা সমাধান সূত্র বেরিয়ে আসবেই। এ ব্যাপারে সোমবার মাইকে করে প্রচারও করা হয়েছে। সাধারণ মানুষকেও এই আলোচনা সভায় থাকার আহ্বান করা হয়েছে।

