Headlines
Loading...
বিজেপি কর্মীদের ওপর শাসকদল সন্ত্রাস চালাচ্ছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে অভিযোগ দায়ের

বিজেপি কর্মীদের ওপর শাসকদল সন্ত্রাস চালাচ্ছে, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে অভিযোগ দায়ের



ফোকাস বেঙ্গল দেস্ক,বর্ধমানঃ নির্বাচন পরবর্তী বিরোধীদের ওপর লাগাতার অত্যাচার চলছে। গ্রামছাড়া হয়ে যাচ্ছেন বহু কর্মী। অবিলম্বে ব্যবস্থা নিন। এই মর্মেই পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতৃত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ-এর কাছে লিখিত আবেদন জানালেন। শুক্রবার পূর্ব বর্ধমান জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তবের মাধ্যমে এই আবেদন পাঠানো হল। 
এদিন বর্ধমান জেলাশাসকের কাছে এব্যাপারে স্মারকলিপি দিতে আসেন বিজেপির বর্ধমান জেলার দুই সাংগঠনিক সভাপতি সন্দীপ নন্দী এবং কৃষ্ণ ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা। সন্দীপবাবু জানিয়েছেন, নির্বাচন পরবর্তী সময়ে বেছে বেছে বিজেপি কর্মীদের মারধর তাদের বাড়ি ছাড়া, মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। অবিলম্বে শাসকদলের এই সন্ত্রাস বন্ধের আবেদন জানানো হয়েছে এদিন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে। 

বর্ধমান পূর্ব সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি কৃষ্ণ ঘোষ জানিয়েছেন, নির্বাচনের আগের দিন থেকেই কাটোয়ার রাজোয়া গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী পিণ্টু প্রধানকে মারধর করে তাঁর পরিবার সহ বাড়ি ছাড়া করা হয়েছে। নির্বাচনের পর নাদনঘাট, কালনাতেও চলছে ব্যাপক সন্ত্রাস। দ্রুত এব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা এদিন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে। 

জেলাশাসক জানিয়েছেন, এব্যাপারে তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি তা পাঠিয়ে দেবেন। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত বিজেপির আনা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা তিনি অভিযোগ করেছেন, বহু জায়গাতে বিজেপিই দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। বিজেপি বহু তৃণমূল সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। জামালপুরে তাঁদের দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});