
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চতুর্থ দফা ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। আর তার আগেই বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার বাতানপাড়া এলাকায় দুটি তাজা বোমা ও বেশ কিছু তরবারি উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াল শহর জুড়ে। সোমবার সকালে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে উদ্ধার করে বোমা ও অস্ত্র।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছুদিন আগে তৃণমূল থেকে বিজেপিতে ঢোকা কয়েকজন যুবক এই অস্ত্র ও বোমা মজুত করেছিল। একটি ভাঙা বাড়ির স্ল্যাব এর নিচে এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। বাসিন্দারা দাবি করেন, এদিন সেই বোমা সেখান থেকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টায় ছিল দুষ্কৃতীরা। কিন্তু এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তারা পুলিশ কে ঘটনার বিষয় জানায়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি তাজা বোমা ও অস্ত্র উদ্ধার করে। এদিকে এই ঘটনার বিষয়ে বর্ধমান জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি শ্যামল রায় জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোন যোগ নেই। এটা তৃণমূলের ওই এলাকার গোষ্ঠী কোন্দলের ফল।
