
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমানঃ সূর্য তখন মধ্য গগনে। তাপমাত্রা ৪২ ডিগ্রী ছুঁয়েছে। একদিকে ভোটের উত্তাপ অন্যদিকে তীব্র দাবদহ। সকাল থেকে ডিউটি করে প্রখর তাপে ক্লান্ত হয়ে দুপুরের ভাত ঘুমে ব্যস্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনি দৃশ্য দেখা গেলো বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জামালপুরের।
এদিন জামালপুরের আমড়া প্রাথমিক বিদ্যালয়ের ৮০ নম্বর বুথে ভোট চলাকালীনই চোখে পড়ল এই দৃশ্য। যা দেখে অবাক ভোটাররাও। তাঁরা বলছেন, যাঁদের ওপর নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সবচেয়ে বড় কথা যাঁদের ওপর ভরসা করে বুথে আসা তারাই যদি ঘুমিয়ে পড়েন তাহলে তো অবাক হওয়ারই কথা। যদিও বিষয়টি জানতে পেরে খানিক খোঁজাখুজির পর বাহিনীর জওয়ানদের দেখা মিললো পাশের স্কুল ঘরে। জওয়ানরা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। অনেক ডাকাডাকির পর অবশেষে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠলেন জওয়ানরা। সোমবার চতুর্থ দফার ভোটের দিন বাহিনীর জওয়ানদের বুথের বাইরে ঘুমিয়ে পড়ার দৃশ্য় দেখে স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
