
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ রবিবার ৩৩'তম জাতীয় সাব জুনিয়র টেনি কয়েট চ্যাম্পিয়নশিপ শুরু হলো বর্ধমান ইষ্ট ওয়েস্ট মডেল স্কুল মাঠে ৷ দেশের ৩০ টি রাজ্য এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৷ প্রতিযোগীরা অনুর্দ্ধ ১৪ বালক ও বালিকা বিভাগে অংশ নেবে ৷ চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন রাজ্য টেনিকয়েট সংস্থার সভাপতি ডাঃ এস কে দাস। ছিলেন আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক তথা ইষ্ট ওয়েস্ট মডেল স্কুলের প্রিন্সিপ্যাল দীয়া ব্যানার্জী, রাজ্য টেনি কয়েট সংস্থার সিইও সুশীল কুমার বসু, বর্ধমান জেলা সংস্থার সাধারন সম্পাদক প্রশান্ত মজুমদার, রাজ্য সংস্থার সহ সভাপতি গোবিন্দ মোহন চৌধুরী, জেলা কনভেনার দেবরঞ্জন দত্ত সহ বিভিন্ন রাজ্য থেকে আসা প্রতিনিধিগণ ৷

এদিন প্রতিযোগিতা শুরুর আগে সম্মান জানানো হয় ২৮ বার জাতীয় টেনি কয়েট প্রতিযোগিতায় অংশ নেওয়া টালিগঞ্জের খেলোয়াড় পাপিয়া চৌধুরী কে ৷ অনুষ্ঠানের আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক দীয়া ব্যানার্জী জানান, এই রকম একটি খেলার আরো প্রচার দরকার ৷ এই খেলা থেকেও ছাত্র ছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ৷ সংগঠনের জেলার সাধারন সম্পাদক প্রশান্ত মজুমদার জানান, ৯ তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল চলতি মাসের ১৩ তারিখ হবে ৷ এদিকে এই জাতীয় প্রতিযোগিতা শুরুর দিনেই বিতর্ক তৈরি হয়ে গেল নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায়। অন্য রাজ্যের কর্মকর্তাদের মধ্যে এই নিয়ে বেশ কিছুটা অসন্তোষ দেখা দেয় ৷
