
পিয়ালী দাস, বীরভূমঃ প্রায় ১৬ মাস আগে হুগলীর চুঁচুড়া থেকে বীরভূমের লাভপুরে নিমন্ত্রন রক্ষা করতে এসে কেয়া কিন্নার নামে এক বৃহন্নলা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিলেও এখনও ঘটনার কিনারা না হওয়ায় মঙ্গলবার বৃহন্নলাদের একটি গোষ্ঠী অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বীরভূমের অতিরিক্ত জেলাশাসক রঞ্জন কুমার ঝাঁ ও পুলিশ সুপার কুনাল আগরওয়ালের কাছে অভিযোগ জানালো।
বৃহন্নলাদের অভিযোগ, অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেরালেও সিআইডি এবং পুলিশ তাদের গ্রেফতার করছে না। তারা জানিয়েছেন, ২০১৭ সালের ১৭ মার্চ বীরভূমের লাভপুর থানার অন্তর্গত দরবারপুর গ্রামের হামিদ ও তার ছেলের বাড়িতে নিমন্ত্রন রক্ষা করতে আসেন চুঁচুড়া থানা এলাকার বাসিন্দা কেয়া কিন্নার(বৃহন্নলা)। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ, কেয়াকে হামিদ ও তার ছেলে প্রথমে শারীরিক ও মানসিকভাবে অকথ্য অত্যাচার চালায়, এবং পরে খুন করা হয়। এই ঘটনার পর সমস্ত বৃহন্নলা এক হয়ে আদালতের দ্বারস্থ হয়। শেষমেশ মামলা গিয়ে পৌঁছোয় সুপ্রিম কোর্টে। এরপর সুপ্রিম কোর্ট গোটা ঘটনার তদন্তভার দেয় সিআইডি কে। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের ৭ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনও অভিযুক্তরা ধরা না পড়ায় তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলছেন ব্রিহন্নলাদের একটি গোষ্ঠী।
