
ফোকাস বেঙ্গল ডেস্ক,নাদনঘাটঃ পুলিশের জুলুমবাজি করে তোলা তোলার প্রতিবাদে রবিবার গর্জে উঠলো ট্রাক চালকরা। সম্পূর্ণভাবে মস্তানী করে তাদের থেকে পুলিশ টাকা আদায় করছে এই অভিযোগ তুলে ট্রাক চালকরা এদিন বর্ধমান - কৃষ্ণনগর সড়কের কামালপুরে রাস্তা অবরোধ করে। অবরুদ্ধ হয়ে পরে গুরুত্বপূর্ণ এই রাস্তা। পরে নাদনঘাট ও মন্তেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে কালনা মহকুমা পুলিশ আধিকারিক শান্তনু চৌধুরীর হস্তক্ষেপে অবরোধ ওঠে। তিনি ট্রাক চালকদের নাদনঘাট থানায় ডেকে পরিষ্কার জানিয়ে দেন, এই ভাবে কোন পুলিশ কর্মী সড়কে দাঁড়িয়ে টাকা আদায় করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেউ টাকা আদায়ের চেষ্টা করলে চালকরা গাড়ি দাঁড় করিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে যেন থানায় ফোন করেন। পাশাপাশি যারা বিভিন্ন রাস্তা দিয়ে ওভারলোড গাড়ি নিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ট্রাক চালকদের জানিয়ে দেওয়া হয়।
