
পিয়ালী দাস, বীরভূমঃ গত ১৫ জুন থেকে রাজ্যের সমস্ত নদ-নদী থেকে বালি উত্তোলন বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। তবু বালি মাফিয়াদের দৌরাত্ব বন্ধ হয়নি। প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে অবৈধ বালির কারবার। আর এই সব বালির গাড়ি প্রশাসনের নজরদারি থেকে বাঁচতে জনবহুল রাস্তায় বেপরোয়া ভাবে চলতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়া থানার মাঠ পলশা এলাকায় একটি বালি বোঝাই লরির ধাক্কায় প্রান গেল এক স্কুল শিক্ষিকার। এই ঘটনায় এদিন দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। মৃত শিক্ষিকার নাম রুমেলা ধীবর(৩৫)। বাড়ি মুর্শিদাবাদের আধিঁ। মাজিগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনি।
জানা গেছে, ময়ুরাক্ষী নদী থেকে বালি তুলে সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়ক ধরে বেপরোয়া ভাবে যাবার সময় এই দুর্ঘটনা ঘটে। রুমেলা দেবী সেই সময় স্কুল থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকাবাসী। উত্তেজিত জনতা ঘাতক গাড়িটিতে ভাঙচুর চালায়। ঘন্টা খানেক ওই রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।অবিলম্বে স্থানীয় নদীঘাট থেকে বালি তোলা বন্ধের দাবি জানাতে থাকেন তারা। খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
