
পিয়ালী দাস, বীরভূমঃ বিষক্রিয়ায় মৃত্যু হলো বেশ কয়েকটি গবাদিপশুর। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বীরভূমের মহম্মদ বাজার থানার আঙারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর গ্রামে। বিষ খেয়ে মৃত্যু হয়েছে দুটি গরু ও সাতটি ছাগলের। ঘটনার জেরে চাঞ্চল্য এলাকায়।
শুরু হয়েছে আমন ধানের চাষের মরশুম, সেইমতো চাষিদের বীজতলা তৈরির কাজ চলছে জোরকদমে। মহঃবাজার গ্রাম পঞ্চায়েতের কুমোরপুরের রঞ্জিত মন্ডলের ধানের বীজতলাতে গবাদি পশু বীজতলার চারা খেয়ে নিচ্ছিল বেশ কিছুদিন ধরে। সেই গবাদিপশুকে শায়েস্তা করতে বীজতলার চারটি মাটির ভাঁরে মুড়ি ও বিষ মিশিয়ে রাখা হয়েছিল। তাই খেয়েই মৃত্যু হয়েছে গবাদিপশু গুলোর বলে অভিযোগ গ্রামবাসীদের।
ওই জমিতে চাষ করেন নিরাশ রায় নামে গ্রামেরই এক চাষী। শনিবার দুপুর ১টা নাগাদ বিষ মাখানো মুড়ি খায় দুটি গরু ও বেশ কয়েকটি ছাগল। তারপর বিষক্রিয়া শুরু হয়। কিছুক্ষনের মধ্যেই মাঠের মধ্যেই এক এক করে লুটিয়ে পড়ে দুটি গরু ও পাঁচটি ছাগল। শুক্রবার ওই মাঠের কাছে মারা যায় দুটি ছাগল। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ক্ষোভে ফেটে পরেন। মহঃবাজার থানাতে অভিযোগ জানানো হয়। গরুর মালিক জীবন বাগদি জানান, মাঠে গরু বেঁধে রেখেছিলাম, জল খাওয়ানোর জন্য এসে দেখি ছটফট করছে । চোখের সামনেই মারা গেল । বীজতলার চার কোণে বিষ মিশ্রিত খাবার রাখা ছিল। সেই খাবার খেয়ে মারা গিয়েছে।
