
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পূর্ত ভবন ছেড়ে জেলা খাদ্য ও সরবরাহ দপ্তর স্থানান্তরিত হল বর্ধমানের রেল ষ্টেশন সংলগ্ন খাদ্য ভবনে। শনিবার পূর্ব বর্ধমান জেলার এই নতুন ত্রিতল খাদ্য ভবনের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছেন, এরজন্য খরচ হয়েছে ৩ কোটি ৪০ লক্ষ টাকা। অন্যদিকে,পূর্ত ভবনের পুরনো খাদ্য দপ্তরে অফিসে তৈরী করা হবে একটি অত্যাধুনিক ল্যাবরেটরী। যেখানে রেশনের সমস্ত ধরণের মাল পরীক্ষা করা যাবে। ল্যাবরেটরি তৈরিতে খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা। খাদ্যমন্ত্রী জানান,কলকাতাতেও এই ধরণের একটি ল্যাবরেটরি তৈরী হবে যেখানে ২০০ ধরণের খাদ্যের গুণমান পরীক্ষা করার ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ দেশে প্রথম বলে জানিয়েছেন তিনি। এছাড়াও গোটা রাজ্য জুড়েই রেশন সংক্রান্ত বা খাদ্য দপ্তরের অধীন কোনো বিষয়ে অভিযোগ জানানোর জন্য খুব শীঘ্রই চালু হচ্ছে একটি টোল-ফ্রি নম্বর।
উল্লেখ্য,এতদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে খাদ্য দপ্তর সংশ্লিষ্ট নানান কাজে শহর থেকে দূরে পূর্ত ভবনে সাধারণ মানুষকে যাতায়াত করতে হতো। এমনকি প্রশাসনিক বৈঠক অথবা কাজে আধিকারিকদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করতে হতো। কিন্তু এখন শহরের মধ্যে এমনকি স্টেশনের কাছে এই দপ্তর চলে আসায় সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের কাজেও গতি আসবে বলে মনে করছেন দপ্তরের আধিকারিকরা।
এদিন এই অনুষ্ঠানে খাদ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, খাদ্য সচীব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার,বর্ধমানের দুই জেলার জেলাশাসক,জেলা খাদ্য নিয়ামক দেবমাল্য বসু সহ জেলা প্রশাসনের আধিকারিকরাও।
ছবি - সুরজ প্রসাদ
