
ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:বর্ধমান জেলা রাইস মিল এসোসিয়েশনের প্রস্তাবে আশ্বাস মিলল খাদ্যমন্ত্রীর তরফ থেকে। বর্ধমান শহরের রাইসমিল গুলিকে এক ছাতার তলায় এনে গড়া হবে ফুড পার্ক। শনিবার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় এসে একথা ঘোষণা করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান অধিক উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাইস মিল গড়া হোক - চাইছে রাজ্য। সেই দিকটিকে সামনে রেখে যে কেউ রাইস মিল তৈরী করতে পারেন এই ফুড পার্কে।
খাদ্যমন্ত্রী জানান,দুই বর্ধমান মিলে মোট ৪৩২টি রাইস মিল রয়েছে, যার মধ্যে শুধু বর্ধমান পৌরসভার অন্তর্গত এলাকাতেই রয়েছে প্রায় ২৬ টি রাইস মিল। এগুলিকে একত্রিত করেই গড়া হবে ফুড পার্ক বলে জানান খাদ্যমন্ত্রী। এসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক বলেন,ইতিমধ্যেই বর্ধমানের কালনা রোডে কিষান মান্ডির পাশে জমিও চিহ্নিত করা হয়েছে ফুড পার্কের জন্য। এ বিষয়ে প্রস্তাব খুব শীঘ্রই রাজ্যে পাঠানো হবে।
খাদ্যমন্ত্রী বলেন, এবারের রাজ্য বাজেটে খাদ্য দপ্তরের নতুন গোডাউন তৈরীর জন্য ৮০০ কোটি টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই টাকায় বর্ধমানের রায়না এবং ভাতারে ৪৫ মেট্রিক টনের দুটি গোডাউন তৈরী করা হবে। তিনি বলেন, গোটা রাজ্যে ১০০০ নতুন খাদ্য ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে। পূর্ব বর্ধমানে নিয়োগ হচ্ছে ২৭জন। কৃষকরা সরকার নির্ধারিত ৯০ কুইন্টালের বেশি ধান বিক্রি করছে কিনা,অথবা কৃষকের উৎপাদিত ধান সে নিজে বিক্রি করছে কিনা তাও খতিয়ে দেখবেন এই ইন্সপেক্টররা।
জ্যোতিপ্রিয় মল্লিক এদিন জানিয়েছেন, রাজ্য সরকারের অত্যাবশ্যকীয় পণ্য নিগমের সঙ্গে ফিউচার গ্রুপের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। তাদের মাধ্যমে গোটা রাজ্যের সমস্ত রেশন দোকানে ৪৫০ রকমের ব্র্যাণ্ডেড প্রোডাক্ট ৫ থেকে ৪০ শতাংশ ছাড়ে বিক্রি করা হবে । এছাড়াও প্রতিটি জেলার পুরসভার অধীনে রৌদ্র-বৃষ্টি নামে একটি করে কাউণ্টার করে সেখান থেকেও এই সমস্ত দ্রব্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এদিনের বার্ষিক সভায় খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ,মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার,খাদ্য সচীব মনোজ আগরওয়াল,জেলা সভাধিপতি দেবু টুডু,পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসকদ্বয়, জেলা খাদ্য নিয়ামক দেবমাল্য বসু, এসোসিয়েশনের জেলা সভাপতি দেবনাথ মণ্ডল , কার্যকরী সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সুব্রত মণ্ডল , কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
ছবি - সুরজ প্রসাদ
