ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান:সংরক্ষণের ধাক্কায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা পরিষদের কোনো পুরনো প্রার্থীই কার্যত আর দাঁড়াতে পারছেন না। মঙ্গলবার রাজ্য নির্বাচন দপ্তর থেকে গোটা রাজ্যের জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতি পদে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। আর এর ফলে দুই বর্ধমান সহ রাজ্যের ২০টি জেলা পরিষদের সভাধিপতি পদ সংরক্ষণের কোপে পড়ল। এছাড়াও এদিন প্রকাশিত তালিকা অনুসারে পূর্ব বর্ধমান জেলায় মোট ২১৫টি গ্রাম পঞ্চায়েত প্রধানের আসনের মধ্যে ১৬১টি এবং উপপ্রধান হিসাবে ৫৪টি আসন সংরক্ষিত হয়েছে। উল্লেখ্য,গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আসনগুলির সংরক্ষণ তালিকা আগেই প্রকাশিত হয়েছে।
সভাধিপতির আসনে এসসি হিসাবে সংরক্ষিত হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান। এসটি হিসাবে সংরক্ষিত হয়েছে বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির আসন। বিসি (ব্যাকওয়ার্ড ক্লাস) আসনে সংরক্ষিত হয়েছে শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর। মহিলা হিসাবে সংরক্ষিত হয়েছে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,নদীয়া, উত্তর ২৪ পরগণা, হাওড়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। মহিলা সহকারী সভাধিপতির আসন হিসাবে সংরক্ষিত হয়েছে কোচবিহার, দক্ষিণ ২৪ পরগণা এবং পুরুলিয়া। সহকারী সভাধিপতি আসনে এসসি হিসাবে সংরক্ষিত হয়েছে কোচবিহার, মালদা, দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলী। এসটি হিসাবে পুরুলিয়া এবং বিসি হিসাবে বীরভূম সংরক্ষিত হয়েছে।

