ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: গতবছর জুলাই মাসে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে।৮ মাস পার হয়ে গেলেও এখনও ছাত্রছাত্রীরা ফল জানতে পারেনি। এদিকে তৃতীয় বর্ষের পরীক্ষাও আগত।স্বাভাবিকভাবেই এতমাস পরেও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করল ভারতের ছাত্র ফেডারেশনের বর্ধমান জেলা কমিটি।
সোমবার এসএফআইএর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, ফলাফল প্রকাশ নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গাফিলতি ক্রমশ স্পষ্ট হচ্ছে ।
গতবছর জুলাই মাসে দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু এখনও ফলাফল প্রকাশিত না হওয়ায় চরম সংকটের মুখে পড়েছে দ্বিতীয় বর্ষের প্রায় ৩০ হাজার ছাত্রছাত্রী। অনির্বান জানিয়েছেন, পূর্ব অভিজ্ঞতা থেকে এখন সিঁদুরে মেঘ দেখছেন তারা।কারণ এতদিন পর ফল প্রকাশ হলেও তা যে ত্রুটিমুক্ত হবেই এমন কথাও জোর দিয়ে বলা যাচ্ছে না।
অনির্বাণ জানান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই গাফিলতি এবং বেনিয়মের প্রতিবাদে ইতিমধ্যেই তাঁরা তীব্র নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে ছাত্রছাত্রীদের ভবিষ্যত নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশের দাবীও জানিয়েছেন। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের দাবিগুলির প্রসঙ্গে এখনও কোনো সদুত্তর দিতে পারেনি। তবে তাঁদের দাবী মানা না হলে তাঁরা ফের আগামী দিনে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথেই পা বাড়াবেন বলে এদিন অনির্বান জানান।


