Headlines
Loading...
মাতলা নদীর পারে শুরু হল ৪১ তম সুন্দরবন মেলা

মাতলা নদীর পারে শুরু হল ৪১ তম সুন্দরবন মেলা


ফোকাস বেঙ্গল ডেস্ক,ক্যানিং: বুধবার থেকে শুরু হয়ে গেল ৪১ তম সুন্দরবন মেলা। এদিন মেলার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। দশদিন ব্যাপী এই মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার নানা শিল্প সংস্কৃতিকে। থাকছে কৃষক সহায়তা কেন্দ্র,এপার বাংলা-ওপার বাংলার যোগসুত্র হিসাবে ঢাকার পিঠেপুলি,বাংলার হস্তশিল্প,ব‍্যাঙ্কিং পরিষেবা,সরকারি প্রকল্পের রূপরেখা ও অন্যান্য পরিষেবামূলক স্টলও। এছাড়া প্রতি সন্ধ্যায় রাখা হয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন, রাজ্যের শাসন ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের  ইচ্ছায় ফিরে এসেছে বাংলার হারানো লোকসংস্কৃতি। এখন বিভিন্ন মেলা ও অনুষ্ঠানের মাধ্যমে বরণীয়দের সন্মান জানানোর পাশাপাশি তাঁদের স্মরণও করতে পারি আমরা। তিনি বলেন,দক্ষিণ ২৪ পরগণার ক‍্যানিং মহকুমার মধ‍্যে সুন্দরবন মেলা এক ঐতিহ‍্যমণ্ডিত মেলা। অন্যান্য মেলার থেকে ক্যানিংয়ের  এই সুন্দরবন মেলা ও পিয়ালীর রাস মেলা আমাদের মন কেড়ে নেয়।
মেলার উদ্যোক্তা ক‍্যানিং বন্ধুমহল ক্লাবের সভাপতি প্রদীপ নাথ জানান, এবছর  জায়গা পরিবর্তন করে মাতলা নদীর পাড়ে মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গ্রামীণ এই মেলাকে ঘিরে এলাকার মানুষের উদ্দীপনা চোখে পড়ার  মত। সুন্দরবনের বাইরে থেকেও বহু মানুষ এই গ্রামীন মেলায় যোগ দিতে আসেন।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শৈবাল লাহিড়ী, ক‍্যানিং ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস,মাতলা ২ নং পঞ্চায়েত প্রধান উত্তম দাস,মাতলা ১নং পঞ্চায়েত প্রধান তপন সাহা,বন্ধুমহল ক্লাবের সম্পাদক রোহিতাশ্ব মণ্ডল প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});