
পল্লব ঘোষ,কালনা:ফোকাস বেঙ্গল - এর খবরের জের। কালনা মহকুমা প্রশাসনের কাছে মানসিক ভারসাম্যহীন ১৬ বছর বয়সী ছেলের চিকিৎসার খরচ জোগাড়ে অসমর্থ বাবা মায়ের স্বেচ্ছা মৃত্যুর আবেদনের পরই নড়েচড়ে বসলো প্রশাসন। গতকাল এই খবর প্রকাশের পর শুক্রুবার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড়ের দক্ষিনবাটী গ্রামের বালা পরিবারের সঙ্গে দেখা করেন ডিএমডিসি দেবেন্দ্রনাথ বিশ্বাস এবং মহকুমা পঞ্চায়েত আধিকারিক মানস মুখার্জী।মানসিক ভারসাম্যহীন অমর বালাকে পর্যবেক্ষণ করেন তাঁরা।ছেলেটির বাবা সাধন বালার সঙ্গে কথা বলে অমরকে নিয়ে তাঁরা সোজা চলে আসেন কালনা মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক অমরের প্রাথমিক লক্ষণগুলি দেখে আশার বাণী শোনান।
চিকিৎসক জানিয়েছেন,এখনো সময় আছে অমরকে সুস্থ করে তোলার। এরপর মহকুমা অধিকারিকগণ অমরের টানা চিকিৎসার জন্য তাকে নিয়ে বর্ধমান চলে আসেন। আপাতত বর্ধমানেই অমরের চিকিৎসা চলবে বলে জানিয়েছেন তাঁরা।
কালনা মহকুমা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন,অমরের বাবা মা তাঁদের ছেলের সুচিকিৎসার জন্য সহযোগিতা করেছেন। পরিবর্তে ওই পরিবারকে গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি সহ নগদ ও অন্যান সরকারি সাহায্য প্রদান করা হয়েছে।

