ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান : গোটা এলাকায় একটাই মাত্র দুর্গাপূজো। যেখানে আশপাশের প্রায় ১১টি পল্লীর মানুষজন অংশ নেন। কিন্তু যেহেতু সরকারী ক্যাম্পাসের মধ্যে পূজো তাই দীর্ঘদিন ধরেই পূজোর কর্তৃত্ব সরকারী ক্যাম্পাসের মধ্যে বসবাসকারী আবাসন কর্মীদের কাছেই থাকত। ফলে দুর্গাপূজো সার্বজনীন হলেও আক্ষরিক অর্থে সেই সার্বজনীনতায় ছেদ পড়ছিল বিগত কয়েক বছর ধরে।
আর তাই ওই ১১টি পল্লীর বাসিন্দারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরাই আলাদা করে পূজো করবেন। এই ১১টি পল্লীর মহিলারা যাঁরা ওই সরকারী ক্যাম্পাসে পুজোর কাজ করতে গিয়ে মন খারাপ নিয়ে ফিরেছেন তাঁদের হাতেই থাকবে পুজোর ভার। আর সেই সিদ্ধান্ত মোতাবেকই বর্ধমানের এগ্রিকালচার ফার্ম লাগোয়া ১১পল্লী বারোয়ারী দুর্গোৎসব শুরু হয়ে এবার ৬ষ্ঠ বর্ষে পা দিল। কিন্তু এই পুজো করতে গিয়ে মস্ত বাধা এসে দাঁড়ায় জায়গা। গত ৬ বছরেও নির্দিষ্ট কোনো পুজোর জায়গা না পাওয়ায় ডিভিসির সেচ ক্যানেলের ওপরই চলছে পূজো।
রবিবার এই পুজো কমিটির খুঁটি পুজো হল। পুজো কমিটির সদস্যা কাবেরী দাস জানিয়েছেন, এবারে পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। এই ১১টি পল্লীর বাসিন্দাদের চাঁদাতেই হয়ে আসছে এই পুজো। পুজোর খরচ বাঁচিয়ে তাঁরা নিজস্ব পুজোর জায়গার জন্য চেষ্টাও করছেন।এজন্য পুজো উপলক্ষ্যে তাঁরা প্রতিবছরই একটি লটারী প্রতিযোগিতা করে সেখান থেকে অর্থ আয়ের চেষ্টা করছেন।

