ফোকাস বেঙ্গল ডেস্ক,কলকাতা : গতকাল নন্দন ১ প্রেক্ষাগৃহে গুলজার-এর দুটি বই প্লুটো ও পান্তাভাতে প্রকাশ করলেন শঙ্খ ঘোষ ও সন্দীপ রায়। গুলজার-এর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তনু মৈত্র ও শ্রীজাত। এর পাশাপাশি ছিলেন গুলজার-এর দুটি বই পান্তাভাতে ও প্লুটো এর লেখক সঞ্চারী মুখোপাধ্যায় ও শেখ সদর নইম। নন্দন ১ প্রেক্ষাগৃহে শনিবার এই আয়োজন সকলকেই মুগ্ধ করে। বই দুটি প্রকাশ করেছে দে-জ পাবলিশিং। গুলজার-কে নিয়ে একটি প্রদর্শনী চলবে আজ নন্দন ৪-এ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত।
কবি, লেখক, গীতকার, চলচ্চিত্র নির্মিতা এবং সংলাপ লেখক গুলজার বিরল প্রতিভা। ভারতীয় চলচ্চিত্র, সংস্কৃতি এবং সাহিত্যের জগতে এক বিশাল উচ্চাসনে তিনি বিরাজ করেন। বহু ভাষায় রচিত তাঁর লেখা পাঠকে মুগ্ধ করে। পোখরাজ, ত্রিবেণী সহ কয়েকটি কাব্য সংকলন পাঠককে গভীর ভাবে ভাবায় ও দাগ কাটে।
২০ বার ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ী গুলজার সাতবার জাতীয় পুরস্কার পেয়েছেন। সাহিত্য অকাদেমি পুরস্কারেও তাঁকে ভূষিত করা হয়। তিনি সন্মানিত হন পদ্মভূষণ পুরস্কারেও। ২০০৮ সালে তাঁর গান 'জয় হো'র জন্য অস্কার পুরস্কারে ভূষিত হন তিনি। ২০১০ সালে তিনি পান গ্র্যামি সন্মানও পান।
২০১৪ সালে ভারত সরকার গুলজার সাহেবকে চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদাসাহেব ফালকে প্রদান করে।
এই মহান মানুষকে কাছ থেকে ও ছুঁয়ে দেখার ইচ্ছায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট ব্যাক্তিত্বগণ। এদিনের সভায় উপস্থিত দর্শকদের বাড়তি পাওনা গুলজারের কণ্ঠে কবিতা পাঠ শোনা।


