ফোকাস বেঙ্গল ডেস্ক,দিঘা: শনিবার বেলায় হঠাৎই মারাত্মক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দিঘার বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে দিশেহারা পর্যটকরা হোটেল থেকে ছুটে বেরিয়ে আসেন রাস্তায়। সমুদ্রের আশেপাশে যারা ছিলেন তারাও ছোটাছুটি শুরু করে দেন। দিঘায় এসে পৌছায় দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু মারাত্মক সে আওয়াজের কারণ ও উৎস্যস্থল কি বা কোথায় তা খুঁজতে গিয়ে দিশেহারা পুলিশ। ঘটনাস্থল খুঁজতে তল্লাশিতে নেমেছে দিঘা থানা, দিঘা কোস্টাল থানা এবং রামনগর থানার পুলিশ। কিন্তু অনেক ছুটেও এই ঘটনার প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শেষ পর্যন্ত স্থানীয়দের মধ্যে জল্পনা শুরু হয়েছে চিন অথবা উত্তর কোরিয়া থেকে হয়তো গোপনে সমুদ্রতটে হামলা চালানো হয়েছে। আবার অনেকে সন্দেহ প্রকাশ করেছে গভীর সমুদ্রে কোনো জাহাজে বিস্ফোরণ ঘটতে পারে। এই সব কিছুকে ছাপিয়ে অনেকে এমনও দাবি করেছে যে সমুদ্রের তলায় দুটি প্লেটে সংঘর্ষের কারণেই এই বিকট আওয়াজের উৎস। সত্যিটা যাই হোক এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত দিঘা ও সংলগ্ন এলাকায় পর্যটক থেকে বাসিন্দারা।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টা নাগাদ পরপর দু’বার মারাত্মক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দিঘা সহ বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। আতঙ্কিত পর্যটকরা হোটেল ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। ঘটনার উৎস্য সন্ধানে মরিয়া হয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। দমকলের ২টি ইঞ্জিনও ঘটনাস্থলে আনা হয়েছে।খবর দেওয়া হয়েছে ওড়িষ্যা কোস্টাল বিভাগকেও।

