ফোকাস বেঙ্গল ডেস্কঃ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান,কালনা,মেমারি স্টেশনে তৈরী হতে চলেছে অস্থায়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্র।সোমবার আইসিডিএসের মাসিক বৈঠকে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার কথা জানান পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। উল্লেখ্য পূর্ববর্তী জেলাশাসক সৌমিত্র মোহন প্রথম জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে কাঠ কয়লার পরিবর্তে এল পি জি তে রান্নার জন্য উদ্যোগ নেন।গত জুন মাসের বৈঠকে কালনার মহকুমা শাসক নীতিন সিংহানিয়া,স্টেশনে ভবঘুরে মা ও শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অধীনে আনার প্রস্তাব দিলে তা গৃহীত হয়।এবং জেলাশাসক এবিষয়ে খোঁজখবর ও আলোচনার মাধ্যমে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। বর্ধমান,মেমরি ও কালনা স্টেশন চত্বরে এই অস্থায়ী প্রকল্প তৈরীর বিষয়ে রেল কর্তৃপক্ষের সাথেও আলোচনা চলছে বলে প্রশাসন সূত্রে খবর।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা ও শিশুদের নিয়মিত ওজন পরীক্ষার পাশাপাশি রুগ্ন ও প্রতিবন্ধী শিশুরা প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসার সুবিধা ঠিকমতো পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সি ডিএস কেন্দ্রগুলিতে কাঠের পরিবর্তে এল পি জি তে রান্নার জন্য রাজ্য সরকারের আই সি ডি এসের ডিরেক্টরের কাছে আবেদন করা হয়েছে বলে বর্ধমান জেলা আই সি ডি এস প্রকল্পাধিকারিক অনুপম দত্ত জানিয়েছেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্প অনুমোদন পেলে পরবর্তী পর্যায়ে গোটা জেলা জুড়েই বাস্তবায়িত করা হবে বলেও এদিন জেলাশাসক জানান।

