ফোকাস বেঙ্গল ডেস্কঃ রেলের পরিবেশন করা খাবার নিয়ে একটি গুরুতর অভিযোগ উঠল হাওড়া-দিল্লি পূর্বা এক্সপ্রেসে। সূত্রের খবর,ঝাড়খন্ড থেকে উত্তরপ্রদেশে আসা তীর্থযাত্রীদের একটি দল ট্রেনে পরিবেশিত নিরামিষ বিরিয়ানিতে মরা টিকটিকি দেখতে পেয়েছেন বলে অভিযোগ। জানা গেছে, মোকামা স্টেশনে খাবারের অর্ডার দিয়েছিলেন এক যাত্রী।খাবার খেতে গিয়ে টিকটিকি দেখতে পান তিনি। এই ঘটনার কথা জানালে একজন কর্মী কেবল ট্রেনের বাইরে খাবার ছুঁড়ে ফেলে তার দায়িত্ব পালন করে। এরপর ট্রেনের টিকিট পরিদর্শককে এই ব্যাপারে অভিযোগ জানালে তিনিও এই ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেখান না। এরপরই সেই যাত্রী সরাসরি রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে ট্যুইটারের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন।
উল্লেখ্য গত সপ্তাহে, ক্যাপ্টোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) এর একটি রিপোর্টে জানায়, ট্রেনগুলিতে পরিবেশন করা খাবারগুলি মানুষের ব্যবহারের অনুপযুক্ত,ট্রেনের পান্ট্রিকারে সবচেয়ে অস্বাস্থ্যকর অবস্থায় ও দূষিত জল দিয়ে রান্না করা হয়। এই রিপোর্ট আসার পরেও যে কোনো হেলদোল নেই বা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এই ঘটনা তারই প্রমান।
রেলমন্ত্রী রেলের আধিকারিকদের এই ঘটনার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মুঘলসরাইয়ের ডিআরএম কিশোর কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হচ্ছে।ওই যাত্রীর শারীরিক পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।ওই যাত্রীর অভিযোগ, তাঁকে অনেক দেরীতে ওষুধ দেওয়া হয়েছে।

