ফোকাস বেঙ্গল ডেস্ক, ঘাটাল : আজ ঘাটালে ফের বন্যা দুর্গতদের উদ্ধারে নামল বায়ুসেনার হেলিকপ্টার।আজ ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। তাদের রাখা হচ্ছে ঘাটাল এসডিও অফিসের সামনে অনুকূল ঠাকুরের আশ্রমে। বাকিদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।'শত কষ্টতেও বাড়ি ছেড়ে কোথাও যাবো না।' প্রথমে একথা জানালেও পরে মত পরিবর্তন করতে বাধ্য হন ঘাটালের বেশ কয়েকজন বাসিন্দা। তারপর আজ বায়ুসেনার হেলিকপ্টার গিয়ে তাদের উদ্ধারের কাজ শুরু করে। এর আগে গতকাল হেলিকপ্টার নামলেও বাড়ি ছাড়তে রাজি হননি অনেকে।
আজ দুপুর ১টা নাগাদ বায়ুসেনার একটি হেলিকপ্টার ঘাটাল পৌঁছায়। প্রথমে উপর থেকে ত্রাণ ফেলতে থাকেন সেনা জওয়ানরা।এরপর হেলিকপ্টারটিকে যতটা সম্ভব নিচে নামিয়ে একটি বাড়ির ছাদ থেকে ন’জনকে উদ্ধার করে এসডিও অফিস লাগোয়া একটি ফুটবল মাঠে নামানো হয়। এবং উদ্ধার করা ন’জনকে রাখা হয় অনুকূল ঠাকুরের আশ্রমে। তাদের মধ্যে রয়েছে ছ’জন শিশু ও তিন জন বয়স্ক ব্যক্তি। তারা সকলেই সুস্থ বলে জানা গেছে।
পুরো বিষয়টি তদারকি করতে এসডিও অফিসে রয়েছেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা এবং পুলিশ সুপার ভারতী ঘোষ।
উল্ল্যেখ,বুধবার রাতের দিকে ঘাটালের প্রতাপপুরে ২০ মিটার বাঁধ ভেঙে গেলে হু হু করে নদীর জল ঢুকতে শুরু করে গ্রামের মধ্যে। ডুবে যায় ৮১টি মৌজা। প্লাবিত হয় কেশপুর। এরপর বন্যা কবলিত বাসিন্দাদের নৌকো করে উদ্ধার করতে আসেন এনডিআরএফ কর্মীরা। তারা ওই এলাকার ৩৫ জন বাসিন্দাকে উদ্ধার করলেও জলের তোড় বেশি থাকায় বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি।জলের তোড়ে হেলে পড়ে এলাকার একটি পাকা বাড়ি।আজ ওই এলাকায় আটকে পড়া বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধার করতে নামে বায়ুসেনার একটি হেলিকপ্টার। এখনও পর্যন্ত ২৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে ।

