Headlines
Loading...
বর্ধমান শহরে মাওবাদী কায়দায় বিজেপি সমর্থকদের বাড়িতে পোস্টার ঘিরে আলোড়ন

বর্ধমান শহরে মাওবাদী কায়দায় বিজেপি সমর্থকদের বাড়িতে পোস্টার ঘিরে আলোড়ন



ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ রাজ্য জুড়ে সমস্ত বিজয় মিছিল বন্ধের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বর্ধমান শহরের রথতলা, পদ্মপুকুর এলাকায় মাওবাদী কায়দায় রাতের অন্ধকারে বিজেপি কর্মী, সমর্থকদের বাড়ি বাড়ি পোষ্টার সাটানোকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলো। উল্লেখ্য, শুক্রবার বিকেলেই শহরের ২৩ ও ২৪ নং ওয়ার্ডে বিজেপির বিজয় মিছিল করার কর্মসূচি ছিলো। বিজেপির দলীয় সূত্রে জানানো হয়েছিলো এদিনের এই মিছিলের বৈধ অনুমতিও দিয়েছিল পুলিশ প্রশাসন। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোথাও আর কোনো বিজয় মিছিল হবে না বলে ঘোষণা করার পরেই বর্ধমান থানার পুলিশ এদিনের নির্ধারিত মিছিলের অনুমতি পত্র প্রত্যাহার করে নেয় বলে জানিয়েছে বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শ্যামল রায়। 

পাশাপাশি শ্যামল বাবু অভিযোগ করেছেন, বিজেপির কর্মী সমর্থকদের ভীত সন্ত্রস্ত করতে গতকাল গভীর রাতে রথতলা নতুন কলোনি, পুরাতন কলোনি, পদ্মপুকুর প্রভৃতি জায়গায় বেছে বেছে তাদের নেতা,কর্মীদের বাড়িতে মাওবাদী কায়দায় পোষ্টার লাগিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগ, সেই সব পোস্টারে লেখা হয়েছে 'বিজেপি করলে খুন করে লাশ গায়েব করে দেওয়া হবে'। অবশ্যই অভিযোগের তীর তৃণমূলের দিকেই। শ্যামল রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন। আমরা রাজনৈতিক ভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাবো। তিনি আরো বলেন, পুলিশ কে আজ দলদাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী। 

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার খোকন দাসের বিরুদ্ধে। যদিও খোকন দাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই ধরণের কার্যকলাপের সংগে তৃণমূল জড়িত নয়। তিনি জানিয়েছেন, বিজেপির মধ্যে কে নেতা হবে তার প্রতিযোগিতা চলছে। এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। নিজেরাই প্রচারের আলোয় আসার জন্য পোষ্টার লাগিয়ে বাজার গরম করতে চাইছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});