
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বাড়িঘর সব লিখে দিয়েছেন ছেলে বৌ-এর নামে। আর তাই ৭১ বছরের বৃদ্ধ বাবার আর বাড়িতে ঠাঁই হয়নি। বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে বৌমা। ৭১ বছরের বৃদ্ধ বাসুদেব রুইদাসের গত প্রায় দিন পাঁচেক ধরে তীব্র গরমের মাঝেই ঠাঁই হয়েছিল বর্ধমান শহরের জনবহুল বিসিরোডের রাস্তায়। অমানবিক এই দৃশ্য প্রথমে নজরে আসে স্থানীও কিছু মানুষের। রাস্তার পাশে এই অসক্ত বৃদ্ধ কে সোমবার পড়ে থাকতে দেখে আলোড়ন তৈরি হয়। খবর পেয়ে বিসিরোডে ছুটে আসেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব জেলা সভাপতি জয়দেব মুখার্জি ওরফে বলাই। বৃদ্ধকে রাস্তার পাশ থেকে উদ্ধার করে তাকে ভাল করে স্নান করিয়ে খাওয়ানো হয়। দেওয়া হয় নতুন পোশাক। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
বাসুদেব রুইদাস জানিয়েছেন, বর্ধমান সদর ১ নং ব্লকের ভান্ডারডিহিতে তাঁর বাড়ি। বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছেন ছেলে। তাঁরা দিন মজুরের কাজ করেন। বাড়িঘর সব লিখে দিয়েছেন তাদের নামেই। তাই তার আর বাড়িতে হয়নি ঠাঁই। জয়দেববাবু জানিয়েছেন, তাঁরা বাসুদেববাবুকে তাঁর বাড়িতে ফিরিয়ে দেবার চেষ্টা করছেন। ইতিমধ্যেই ভান্ডারডিহি এলাকার তৃণমুল নেতৃত্বকে গোটা বিষয়টি জানানো হয়েছে।
