
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ বিজেপি ও সিপিএমের দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের পলেমপুরে। অভিযোগ শুক্রবার গভীররাতে খণ্ডঘোষের পলেমপুরে বিজেপির কার্যালয়ে ভাঙচুর করা হয়, ভাঙচুর করা হয় সিপিএমের দলীয় কার্যালয়েও।পাশাপাশি দুই বিজেপি সমর্থকের দোকানেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। বিজেপি ও সিপিএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুস্কৃতিরা এই ঘটনায় জড়িত। যদিও তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষ ব্লকের সভাপতি অপার্থিব ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় তাদের দলের কর্মী সমর্থকরা জড়িত নয়। এদিকে দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ক্ষুদ্ধ বিজেপি কর্মী সমর্থকরা সকালে বর্ধমান আরামবাগ রোডের পলেমপুরে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে। পরে দোষীদের গ্রেফতারের পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।
