
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ গাফিলতিতে রোগী মৃত্যু, রোগী ও পরিজনদের সঙ্গে খারাপ ব্যবহার, রক্ত পেতে দেরী হওয়ার মত একাধিক অভিযোগ ছিলই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। এবার তার সঙ্গে জুড়ে গেল মৃতদেহ ১২ঘণ্টা আটকে রাখার মত অভিযোগ। এই বিষয়ে বর্ধমান হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিজনরা।
জানা গেছে, আসানসোলের রামনগর এলাকার রুকসানা খাতুন (৩৪) শনিবার বুকে ব্যাথা নিয়ে বর্ধমান হাসপাতালে ভর্তি হন। ওই দিন বিকালে জরুরী বিভাগে চিকিৎসা করানোর পর তাঁকে রাধারানী ওয়ার্ডে ভর্তি করা হয়। রুকসানা চার মাসের গর্ভবতী ছিলেন। রাধারানী ওয়ার্ডে রবিবার ৮টা নাগাদ রুকসানা খাতুনের প্রসব হয়ে যায়। এরপর তাকে প্রসূতি বিভাগে রেফার করা হয়। ওইদিন দুপুর বারোটা নাগাদ ফের তাকে প্রসূতি বিভাগ থেকে রাধারানী ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানেই রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ রুকসানা মারা যান।
মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মারা যাওয়ার পর ডাক্তাররা জানান ৪ ঘন্টা পর মৃতদেহ দেওয়া হবে। কিন্তু রবিবার সকাল সাড়ে আটটা বেজে গেলেও দেহ পায়নি পরিবার। এরপর মৃতের পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রশ্ন তোলেন, হয়ত ভুল চিকিৎসায় রোগী মারা গেছে, তাই দেহ ছাড়া হচ্ছেনা। এরপর নড়েচড়ে বসে হাসপাতাল প্রশাসন। তারপরই প্রায় ১২ ঘণ্টা পর মৃতদেহ দেওয়ার ব্যবস্থা করা হয়। যদিও এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলতে রাজী হননি।
