
ফোকাস বেঙ্গল নিউজ ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় শাসক দলের ফলাফলে বিরাট কিছু হেরফের হওয়ার সম্ভাবনা নেই বলেই আবার জনমত সমীক্ষায় উঠে এলো তথ্য। সাম্প্রতিক কালে এনিয়ে যা দ্বিতীয় বার। নিয়েলসনের করা সমীক্ষায় ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। তবে এটা শুধুমাত্র সমীক্ষাই তাও সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে। আসল ফল জানা যাবে ২৩ মে।
সমীক্ষায় বলা হয়েছে রাজ্যে ৪২ আসনের মধ্যে তৃণমূল দখল করতে পারে ৩১ টি আসন। তার মধ্যে বেশ কয়েকটি আসনে তৃণমূল ৫০ শতাংশের ওপর ভোট পেতে পারে। শতাংশের নিরিখে যেসব আসনে তৃণমূল ৫০ শতাংশের ওপর ভোট পেতে পারে সেইসব আসনগুলি হল, বর্ধমান পূর্ব, আরামবাগ, কাঁথি, মেদিনীপুর। এই চারটি আসন থেকে তৃনমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে সুনীল মণ্ডল, অপরূপা পোদ্দার, দিব্যোন্দু অধিকারী এবং শিশির অধিকারী।
সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ৩৮ শতাংশ, বিজেপি পেতে পারে ১৭ শতাংশ, বামেরা পেতে পারে ২২ শতাংশ এবং কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট। অন্যান্য দলগুলি প্রায় ১৩ শতাংশ ভোট ভাগাভাগি করবে। এর মধ্যে না ভোটও থাকবে।
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ৩৮ শতাংশ ভোট, বিজেপি পেয়েছিল ১৭ শতাংশ ভোট, বামেরা ৩০ শতাংশ এবং কংগ্রেস ১০ শতাংশ ভোট। অর্থাৎ, এবারেও রাজ্যে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে থাকবে বামেরা বলে নিয়েলসন এর সমীক্ষায় জানানো হয়েছে।
