
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঘর ভাঙার খেলা বাড়ছে। গোটা রাজ্যের বড় মাপের নেতৃত্বের দল বদলের পাশাপাশি জেলাস্তরেও চলছে একই ট্রাডিশন। বুধবারই বর্ধমানের আমড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুব্রত পাল বিজেপিতে যোগ দিয়েছেন সদলবলে। আর বৃহস্পতিবার বর্ধমান টাউন হলে বিজেপির বর্ধমান উত্তর ও দক্ষিণ বিধানসভার বুথ সভাপতিদের সম্মেলন স্থলে যোগ দিলেন এস এফ আই-এর প্রাক্তন জেলা সহ সভাপতি সাধন দত্ত এবং প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তন্ময় চক্রবর্তী সহ প্রায় ৪০ জন।
বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন, এদিন তৃণমূল থেকেও কয়েকজন যোগ দেন বিজেপিতে। উল্লেখ্য, এদিন বিজেপির এই সম্মেলন থেকে দলীয় কর্মী নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় যাঁরা দলবদল করে আসছেন,দলে তাঁদের যোগ্য সম্মান দিতে হবে। অন্যদিকে, এদিন খণ্ডঘোষের তৃণমূলের দলীয় কর্মী সম্মেলনে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অসিত রুই দাসের নেতৃত্বে একদল সিপিএম সমর্থক। এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন বাগ। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় প্রমুখরাও।
