
ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক হয়ে উঠলেন সদ্য তৃণমূল ত্যাগী সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার বর্ধমানের উৎসব ময়দানে বিজেপির মহিলা মোর্চার পুরুলিয়া, বীরভূম, বর্ধমান সদর, বর্ধমান পূর্ব, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং বিজেপির আসানসোল জেলার মহিলা মোর্চার সমবেত সম্মেলনে যোগ দিতে আসেন তিনি।
সৌমিত্রবাবু এদিন জানিয়েছেন, তিনি এখন পাপের প্রায়শ্চিত্ত করতে চান। আর বিজেপিতে যোগ দিয়ে তিনি সেটাই করছেন। সৌমিত্রবাবু এদিন বলেন, কালিঘাটের ব্যানার্জ্জী পরিবারের সম্পত্তি বাড়ছে। থাইল্যাণ্ড থেকে ২ কিলো সোনা নিয়ে আসছিল ব্যানার্জ্জী পরিবারের লোক। কি করে ৩ হাজার কোটি টাকার মালিক হল রাজ্যের মানুষ বুঝতে পারছেন। সারদা নারদার টাকায় এই রমরমা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, রাজ্যে একটা রাক্ষুসী রয়েছে। রাজ্যকে সেই রাক্ষস মুক্ত করতে হবে। তিনি বলেন, বাংলার মা বোনদের হাতা খুন্তি নিয়ে তৈরী থাকতে হবে যে কোনোরকম আক্রমণের প্রতিবাদ করতে। কোনোভাবেই ভয় পেলে চলবে না। রীতিমত জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ জানিয়েছেন, আদালতের নির্দেশে তিনি নিজের লোকসভায় ঢুকতে পারছেন না, ঠিকই কিন্তু ২৭ তারিখের পর তিনি আদালতের নির্দেশ মেনেই যখন ঢুকবেন, তখন কোনো তৃণমূলের অফিসই থাকবে না, সব বিজেপির অফিস হয়ে যাবে।

এদিন সৌমিত্রবাবু বিজেপির মহিলা মোর্চার উদ্দেশ্যে জানান, ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে, এখন কেবল দরকার অসুরদের বধ করা। আর সেটা মহিলারাই পারে। পোলিং এজেণ্ট হিসাবে মহিলাদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে এদিন এই মহিলা মোর্চার সভায় বক্তব্য রাখেন বিজেপির রাজ্য মহিলা মোর্চার সদস্য শশী সিং সহ অন্যান্য জেলা মহিলা নেতৃত্বরাও। মঞ্চে হাজির ছিলেন বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী,সদ্য বিজেপিতে যোগ দেওয়া আইনুল হক প্রমুখরাও।
