ফোকাস বেঙ্গল ডেস্ক,কালনাঃ দাদাকে খুনের অভিযোগে ভাইয়ের যাবজ্জীবন সাজা ঘোষনা করলো কালনা আদালত। সোমবার কালনা ফাস্ট ট্রাক কোর্টের বিচারক বিবেকানন্দ সুর এই রায় ঘোষণা করেন। এই মামলার সরকারি আইনজীবী মলয় পাঁজা সাংবাদিকদের জানান, নাদনঘাট থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের দুই ভাই রাজকুমার ঘোষ ও বিজয় ঘোষের মধ্যে পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে বিবাদ বাধে। ২০১৬ সালের ২রা ফেব্রুয়ারি রাত্রি দশটা নাগাদ দুই দাদা-ভাইয়ের মধ্যে বিবাদ চরমে ওঠে। তখন ভাই বিজয় ঘোষ দাদা রাজকুমার ঘোষকে কোদাল দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাজকুমার ঘোষকে প্রথমে নবদ্বীপ প্রতাপনগর, পরে নদিয়ার শক্তিনগর শেষে কলকাতার এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় গত ২০১৬ সালের ৮ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।
মৃত রাজকুমার ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ ঘটনার চার মাস পর গত ৩রা জুন ২০১৬ তারিখে থানায় অভিযোগ লিপিবদ্ধ করে। তার ভিত্তিতে তদন্তের পর পুলিশ গত ২৮ শে জুন ২০১৬ তারিখে ভারতীয় দণ্ডবিধির ৩২৬/৩০২/২০১/৪২৭ ধারায় বিজয় ঘোষের বিরুদ্ধে মামলা করে। এই মামলার শুনানি শেষে বিচারক গত শুক্রবার অভিযুক্ত বিজয় ঘোষকে ৩২৬ ও ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন। সোমবার এই মামলায় যাবজীবন সাজা ঘোষনা করেন কালনা আদালতের ফাস্ট ট্রাক কোর্টের বিচারক।

