ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমানঃ চিকিৎসা করাতে যাওয়ার সময় শনিবার ট্রেকারের সঙ্গে লরীর সংঘর্ষে দুই সম্পর্কিত ভাইয়ের মৃত্যু হয় বর্ধমানের মেমারী থানার পাহাড়হাটি এলাকায়। শেখ সফিক (৩৩) নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে মেমারি গ্রামীণ হাসপাতালে মারা যান শেখ শাহাবুদ্দিন (৩৫) নামে আরও একজন। দু’জনেরই বাড়ি মেমারি থানার গান্টিয়া পাহাড়হাটি এলাকায়। আর এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রায় ঘণ্টা চারেক রাস্তা অবরোধ করলেন পাহাড়হাটি এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে এদিন মেমারি পাহাড়হাটি রোডে যানচলাচল বিপর্যস্ত হয়ে পড়ে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ট্রেকারের বেপরোয়া চলাচলের জেরেই এই দুর্ঘটনা ঘটে। এব্যাপারে ট্রেকার চলাচলে নিয়ন্ত্রণ আনার দাবী সহ মৃতদের ক্ষতিপূরণের দাবী করেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা এদিন অভিযোগ করেছেন, প্রশাসন যখন সমস্ত বাসের ছাদে ওঠা ঠেকাতে সিঁড়ি কেটে দিয়েছে। সেখানে ট্রেকারগুলিতে সিঁড়ি লাগিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহণ করছে। এমনকি ট্রেকারের দুপাশে অতিরিক্ত লোহার রড লাগিয়ে পাদানি তৈরী করে সেখানও যাত্রী পরিবহণ করছে সম্পূর্ণ অবৈধভাবে। পরে মেমারি থানার পুলিশ এসে অবরোধকারীদের আশ্বাস দিলে অবরোধ ওঠে।
ছবি - ফাইল

