
ফোকাস বেঙ্গল ডেস্ক,গোঘাটঃ গোঘাটের পচাখালিতে পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে রণক্ষেত্র গোটা এলাকা। পুলিশের দুটো গাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। বেশ কয়েকজন পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। জনতার হাতে মার ও তাড়া খেয়ে এলাকা থেকে পালাল আহত পুলিশ কর্মীরা। ঘটনার ভয়াবহতায় এলাকায় কেউ ঢুকতে পারেনি। খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরাও আক্রান্ত হয়।

বুধবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটে আরামবাগ - মেদিনীপুর সাত নং রাজ্য সড়কে পচাখালি তে।
স্থানীও সুত্রে জানা গেছে, এদিন একটি মারুতির ধাক্কায় এক মোটর বাইক আরোহীর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা পুলিশ কে খবর দিলেও পুলিশ দেরিতে আসে বলে অভিযোগ। তাই তারা নিজেরাই মৃতদেহ কে উদ্ধার করে কামারপুকুর হাসপাতালে নিয়ে যায়। আর এর পরেই পুলিশের দুটো গাড়ি এই এলাকায় আসার উত্তেজিত জনতা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। জনতা পুলিশকে মারতে থাকে ও দুটি পুলিশের গাড়ি ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত পুলিশ কর্মীরা প্রান ভয়ে এলাকা থেকে পালিয়ে যায়। পরে এলাকায় বিশাল পুলিশ ও র্যাফ বাহিনী নামানো হয়। পুলিশ সুত্রে জানতে পারা গেছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
