ফোকাস বেঙ্গল ডেস্ক,মালদাঃ মদ খেয়ে গালিগালাজের প্রতিবাদ করায় মা ও ছেলেকে কোপানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হল মায়ের। আশঙ্কাজনক অবস্থায় ছেলের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরো দুজন, তারা বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে, শুক্রবার গভীর রাতে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়। ইরিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে মোথাবাড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম দুর্গা মিশ্র(৬০)। আহত ছেলের নাম রঞ্জিত মিশ্র(৪০)।জানা গিয়েছে মদ্যপ অবস্থায় অভিযুক্ত রূপক মিশ্র(২৪) গালিগালাজ করছিল বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতেই ধারালো অস্ত্র নিয়ে মা এবং ছেলেকে আক্রমন করে রূপক। ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ছেলেকে প্রথমে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

