Headlines
Loading...
চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা সিউড়ি সদর হাসপাতালে

চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা সিউড়ি সদর হাসপাতালে


পিয়ালী দাস, বীরভূমঃ চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল সিউড়ি সদর হাসপাতালে। অভিযোগ সাঁইথিয়া ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরতি বসাক গতকাল সন্ধ্যায়  প্রসব বেদনা নিয়ে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি হয়। এরপর গভীর রাতে তার মৃত সন্তান প্রসব হয়। মৃত সন্তানের জন্ম দেওয়ার পর আরতি দেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। সেই সময় আরতির মা বারবার নার্সদের বিষয়টি জানিয়ে ডাকতে গেলে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি সেই সময় আরতি দেবীর মাকে বলা হয়, রোগী অসুস্থ আছেন, তেমন কিছুই হয়নি তোমার মেয়ের। কিন্তু তারপরও কোন ডাক্তার কে ওয়ার্ডে পাঠায়নি এমনকি নার্সরাও  দেখতে আসেনি। এরপর ভোর রাতে মৃত্যু হয় আরতির । 

রোগীর মায়ের অভিযোগ,আরতির মৃত্যুর পরও ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা তাকে জানান, তোমাদের মেয়ে এখনো অভিনয় করে যাচ্ছে । চরম অসহযোগিতা জন্য এই সময় উত্তেজিত হয়ে পড়েন আরতির বাবা। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায় তার । তখন সিকিউরিটি তাকে হাসপাতাল থেকে বের করে দেয়। এরপর অন্যান্য রোগীর আত্মীয়রা ঘটনা কথা জানতেই উত্তেজিত হয়ে পড়েন তারা এবং ব্যাপক গন্ডগোলের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে । 

সিউড়ি থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।পুলিশ আসে । পুলিশ আসার পরই নিরাপত্তারক্ষীরা রোগীর পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করতে থাকে পুলিশের সামনেই। অভিযোগ, এই সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। নিরাপত্তারক্ষীদের  অভিযোগ, রাত্রিবেলায় আরতির পরিবারের লোকজন মারধর করেছিল তাদের। যদিও আরতির পরিবারের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে নিরাপত্তারক্ষীরা। কোন মারধরের ঘটনা ঘটেনি। চেঁচামিচি হয়েছে মাত্র।

এদিকে সিউড়ি সদর হাসপাতালে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত থাকায়  ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});