Headlines
Loading...
আউশগ্রামে তৃণমূল নেতা খুনের ১০দিনের মাথায় ধৃত মূল অভিযুক্ত

আউশগ্রামে তৃণমূল নেতা খুনের ১০দিনের মাথায় ধৃত মূল অভিযুক্ত


ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বরধমানঃ  বর্ধমানের আউশগ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দোপাধ্যায়কে খুনের ঘটনার ১০ দিনের মাথায় মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে গ্রেপ্তার করলো পুলিশ। এর আগে এই ঘটনায় অভিযুক্ত ৭জন কে গ্রেপ্তার করা হয়েছিল। শনিবার অভিযুক্ত জয়দেব মণ্ডলকে বর্ধমান আদালতে তোলা হলে বিচারক তাঁকে ৮দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, ১৩ জুন রাতে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হয়েছিলেন আউশগ্রামের বিল্বগ্রাম অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দোপাধ্যায়। ওইদিন বনপাশ রেলগেটের পাশে চায়ের দোকানে কয়েকজন অনুগামীকে নিয়ে বসেছিলেন তিনি। সেসময় বোমাবাজি শুরু হয়। তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। পালিয়ে যাবার সময় তাঁকে ধরে ব্যাপক মারধোর করা হয়। তার পা ও মাথায় আঘাত লাগে। মনা বাগ্দী নামে তার এক সঙ্গীও জখম হয়। রাতে দুজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে উজ্জ্বল বন্দোপাধ্যায়কে কলকাতার পিজিতে রেফার করা হয়। পথেই ডানকুনির কাছে তাঁর মৃত্যু হয়।

বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনায় ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে তদন্তের স্বার্থে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। সূত্র মারফত তাঁরা খবর পেয়ে শুক্রবার রাতে গ্রেপ্তার করেন মূল অভিযুক্ত জয়দেব মণ্ডলকে। উল্লেখ্য, এই খুনের ঘটনায় মোট ১৫ জনের নামে এফআইআর করেন মৃতের ভাই সজল বন্দোপাধ্যায়। যদিও এদিন ধৃত জয়দেব মণ্ডল তাঁকে গ্রেপ্তারের বিষয়ে কোনো কিছু বলতে চাননি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});